নয়াদিল্লি, আগস্ট ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নয়াদিল্লি, আগস্ট ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবশেষে ১০ দিনের অনশন ভেঙে ‘বিকল্প রাজনৈতিক মঞ্চ’ গঠনের জন্য প্রস্তুত হওয়ার কথা জানিয়েছেন ভারতের গান্ধীবাদী সমাজকর্মী আন্না হাজারে। এজন্য এখন জনমত জানতে চান আন্না।
দুর্নীতি বিরোধী জন লোকপাল বিল পাশ করানোর দাবিতে দিল্লির জন্তর মন্তর চত্বরে অনশনে বসেছিল আন্না শিবির। সরকারের পক্ষ থেকে অনশন তুলে নেওয়ার কোনো আবেদন রাখা হয়নি। তাছাড়া, আন্না শিবির থেকে রাজনৈতিক বিকল্প তৈরির কথা ওঠায় তা আন্দোলনে নতুন মাত্রা যোগ করে।
শুক্রবার বিকালে অনশন ভাঙার আগেই আন্না শিবির রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেয়। যদিও আন্না প্রকাশ্যে বলে এসেছেন, তিনি কোনো রাজনৈতিক দল তৈরি করতে চান না। দেশের মানুষ চাইলেই তিনি তা করবেন।
কিন্তু আন্না শিবির রাজনৈতিক দল গঠনের রূপরেখা দিয়ে বলেছে, আন্দোলনকে মাঠ পর্যায়ে নিয়ে যেতেই তাদের এ প্রয়াস।
আর তাই এ ব্যাপারে জনগণের মত জানতে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে একটি পেজ খোলা হয়েছে। তাতে আন্নার রাজনীতিতে যোগ দেওয়া উচিত কি না সে প্রশ্নে ‘হ্যা’ বা ‘না’ ভোট দিতে বলা হয়েছে ভারতবাসীকে।
আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই আন্না এ রায় জানতে চান।
২০১৪ সালে ভারতে সাধারণ নির্বাচন। তার আগে দেশ ঘুরে জনমত গঠনের জন্য সময় প্রয়োজন। আর তাই অনশন করে আন্না আর সময় নষ্ট করতে চাইছেন না বলে জানানো হয়েছে ভারতীয় গণমাধ্যমে।
আন্নার ভাষ্য, রাজনৈতিক দল তৈরি খারাপ কিছু নয়। একটা বিকল্প যে করেই হোক খুঁজতে হবে। তবে দল তৈরির বিষয়টি জনমতের ওপর নির্ভর করছে।
তবে আন্না যাই বলুন, ক্ষমতাসীন কংগ্রেস পার্টি তার বিকল্প রাজনৈতিক মঞ্চ গঠনের পরিকল্পনা নিয়ে কটাক্ষ করেছে। তার আসল রাজনৈতিক উদ্দেশ্য এতদিনে সামনে এসেছে বলে মন্তব্য করেছে কংগ্রেস।
লোকপাল বিল নিয়ে আন্নার আন্দোলন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে আগে থেকেই অভিযোগ করে আসছিল কংগ্রেস। এ আন্দোলনের পেছনের আসল উদ্দেশ্য এতদিনে স্পষ্ট হয়েছে বলে মন্তব্য করেছে তারা।
উল্লেখ্য, লোকপাল বিল সংসদের নিুকক্ষে পাশ হলেও উচ্চকক্ষে আটকে রয়েছে সরকার পক্ষের সংখ্যাগরিষ্ঠতা না থাকায়। আন্নার শিবির মনে করে, লোকপাল বিলে সরকার যে সমস্ত বিধান রেখেছে তাতে দুর্নীতি দূর হবে না।
কিন্তু লোকপাল বিল নিয়ে আন্নার দীর্ঘদিনের নাগরিক আন্দোলনকে এখন বিকল্প রাজনৈতিক চেহারা দেওয়ার চেষ্টার কারণে এর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১৪৮ঘ.
bdnews24