তেগুচিগালপা, অগাস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-আর্থিক কেলেঙ্কারিতে স্ত্রী গ্রেপ্তার হওয়ার একদিন পর পদত্যাগ করলেন হন্ডুরাসের অর্থমন্ত্রী হেক্টর জুলিয়ান।
মঙ্গলবার জুলিয়ানের স্ত্রী দিনোরা আরাম্বুরির গাড়িতে ৫৭ হাজার ৬শ’ ডলার সমমানের অর্থ পাওয়া যাওয়ার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয় পুলিশ মঙ্গলবার তেগুচিগালপার কাছাকাছি সান পেদ্রো সুলা শহরের দিকে যাওয়ার পথে দিনোরা আরাম্বুরিকে বহনকারী গাড়িটির গতিরোধ করে। এরপর তার গাড়ি তল্লাশি করে প্রায় ৬০ হাজার ডলার সমমানের হন্ডুরিয়ান মুদ্রা পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
মধ্যআমেরিকার দরিদ্র দেশ হন্ডুরাসের গণমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক তোলপাড় শুরু হয়।
হন্ডুরাসের টেলিভিশনে দেওয়া বক্তব্যে জুলিয়ান বলেন, “আমি স্থায়ীভাবে অর্থমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করছি এবং এই পরিস্থিতির মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী কার্লোস মাদ্রিদ এক সংবাদ সম্মেলনে জানান, জুলিয়ানের পদত্যাগ দ্রুত গৃহীত হয়েছে।
সরকারের পক্ষ থেকে উপ অর্থমন্ত্রী কার্লোস বোর্জাসকে অর্ন্তর্বতীকালীন অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হবে বলে জানানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১০০৯ ঘ.
bdnews24