ওয়াশিংটন, অগাস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-ওসামা বিন লাদেনের মৃত্যুতে শক্তি হারিয়ে দুর্বল হয়ে পড়েছে তার প্রতিষ্ঠিত ইসলামি জঙ্গি সংগঠন আল কায়েদা। আর এই দুর্বলতা কাটিয়ে ওঠা সংগঠনটির পক্ষে খুব কঠিন হবে।
মঙ্গলবার সন্ত্রাসবাদ সংক্রান্ত এক বার্ষিক প্রতিবেদনে (২০১১) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এসব কথা জানিয়েছে।
এতে দেখা যায় বিন লাদেনের মৃত্যুর পর বিশ্বব্যাপী সন্ত্রাসবাদী হামলা ২০০৫ সালের পর গত বছর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। ২০১০ সালে বিশ্বব্যাপী ১১ হাজার ৬শ’ ৪১ টি সন্ত্রাসী হামলার বিপরীতে ২০১১ সালে ১০ হাজার ২শ’ ৮৩ টি হামলা হয়েছে। এসব হামলায় নিহতের সংখ্যাও কমে এসেছে।
২০১০ সালে মোট নিহত মানুষের সংখ্যা ছিল ১৩ হাজার ১শ’ ৯৩ জন আর ২০১১ সালে তা দাঁড়িয়েছে ১২ হাজার ৫শ’ ৩৩ জনে।
এ সাফল্যের জন্য প্রতিবেদনটিতে ২০১১ সালে ওসামা বিন লাদেনকে হত্যার ঘটনাটির কথা উল্লেখ করে।
ওই বছর পাকিস্তানের সামরিক শহর অ্যাবোটাবাদে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী গোপন অভিযানে চালিয়ে লাদেনকে হত্যা করে।
প্রতিবেদনে ২০১১ সালকে উল্লে¬খযোগ্য সাফল্যের বছর হিসেবে তুলে ধরা হয়। লাদেন ছাড়াও ওই বছর আল কায়েদার শীর্ষ নেতা আত্তিয়া আব্দেল আল রহমান ও ইয়েমেনে আনওয়ার আওলাকিকে হত্যা করে যুক্তরাষ্ট্র।
“বিন লাদেন ও অন্যান্য শীর্ষ নেতাদের হারিয়ে আল কায়েদা নেটওয়ার্ক বিলীন হওয়ার পথে এগিয়ে যায়, যেখান থেকে ফিরে খুব কঠিন হবে,” প্রতিবেদনটিতে বলা হয়।
প্রতিবেদনে আরো বলা হয়, আল কয়েদার মূল অংশ দুর্বল হয়ে পড়লেও এর অনুমোদিত অংশগুলো এ সময় যথেষ্ট শক্তি সঞ্চয় করেছে। এ প্রসঙ্গে আল কায়েদা অব অ্যারাবিয়ান পেনিনসুলা, আল কায়েদা ইন ইসলামিক মাগরেব ও বোকো হারাম- এই সংগঠনগুলোর নাম উল্লেখ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১২৩৯ ঘ.
bdnews24