তাইপে, অগাস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তাইওয়ানে ধীর গতিতে ধেয়ে আসা ঘূর্ণিঝড় সাওলার প্রভাবে সৃষ্ট ঝড়ো হাওয়া ও প্রবল বৃষ্টিপাতের কারণে বুধবার সতর্কতা জারি করা হয়েছে। ভূমিধস বা বন্যার কারণে কোনো প্রতিকূল অবস্থার সৃষ্টি হলে তা মোকাবিলায় সেনা বাহিনীকেও প্রস্তুত রেখেছে কর্তৃপক্ষ।
ঘূর্ণিঝর সাওলার কেন্দ্রে গতিবেগ ঘণ্টায় ১১৯ কিলোমিটার। এর প্রভাবে বাকি সপ্তায় তাইওয়ানের অধিকাংশ এলাকাজুড়ে সর্বোচ্চ ১ হাজার মিলিমিটার বৃষ্টি হতে পারে। তাইওয়ানের কেন্দ্রীয় আবহাওয়া ব্যুরো এ তথ্য জানিয়েছে।
বৃহস্পতিবার ঘূর্ণিঝড়টি তাইওয়ানের উত্তরাঞ্চল দিয়ে অতিক্রম করতে পারে। তবে এটির আঘাত হানারও সম্ভাবনা রয়েছে।
ভারী বৃষ্টিপাতের কারণে ভূমিধসের আশঙ্কায় তাইওয়ানের পার্বত্যাঞ্চলীয় জনবহুল একটি গ্রামের অধিবাসীদের সরিয়ে নেওয়া হয়েছে। ওই অঞ্চলের বেশ কয়েকটি রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।
বুধবার সকালে তাইওয়ানের রাজধানী তাইপেতে প্রবল বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার তাইপের অর্থবাজার ও অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ রাখা হবে কি না এ ব্যাপারে নগর কর্তৃপক্ষ বুধবার দিনের শেষ ভাগে সিদ্ধান্ত জানাবে।
সাওলাকে দ্বিতীয় ক্যাটাগরির বিপদসীমার ঝড় হিসেবে ধরা হলেও ৩৬ ঘণ্টার মধ্যে সেটি তিন ক্যাটাগরিতে উন্নীত হতে পারে। বিশেষ করে দক্ষিণপূর্বাঞ্চল অতিক্রম করার সময় ঝড়টি শক্তি সঞ্চয় করতে পারে বলে আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১০২৯ ঘ.
bdnews24