কলকাতা, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ের মধ্যে ভারতের পশ্চিমবঙ্গের কয়লা খনিতে আটকে পড়া দুশ’ শ্রমিককে উদ্ধার করা হয়েছে।
তবে ঝাড়খণ্ড কয়লা খনিতে আটকে পড়া আরো ৬৫ জন শ্রমিককে উদ্ধারের তৎপরতা অব্যাহত আছে।
ভারতজুড়ে বিদ্যুৎ বিপর্যয়ের মধ্যে মঙ্গলবার দুপুর ১টার দিকে রাষ্ট্র নিয়ন্ত্রিত দুই খনি ইস্টার্ন কোলফিল্ডস ও ভারত কোকিং কোল এর ২৬৫ জন শ্রমিক মাটির নিচে আটকা পড়ে।
ইস্টার্ন কোল ফিল্ডস লিমিটেড এর মহাব্যবস্থাপক (কারিগরি) নীলাদ্রী রায় বলেন, “জরুরি বিদ্যুৎ সরবরাহ করে বারদোনে (পশ্চিমবঙ্গ) সোদিপুর ও সাতগ্রাম কয়লা খনিতে আটকে পড়া ২০০ শ্রমিকের সবাইকে উদ্ধার করা হয়েছে।”
ভারত কোকিং কোলের প্রধান তাপস কুমার লাহিড়ী জানান, ঝাড়খণ্ডের ধানবাদ জেলায় খনিতে আটকে পড়া ৬৫ শ্রমিকের মধ্যে ছয়জনকে উদ্ধার করা হয়েছে।
অন্যরা শিগগিরই বের হয়ে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
মঙ্গলবার স্মরণকালের ভয়াবহ এই বিদ্যুৎ বিপর্যয়ে ১৯টি রাজ্যের ৬০ কোটিরও বেশি মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়ে।
এ নিয়ে পর পর দুই দিন বিদ্যুৎ বিপর্যয়ের মুখে পড়ল ভারত। সোমবার এক দশকের মধ্যে সবচেয়ে বড় বিদ্যুৎ বিপর্যয়ে উত্তর ভারতের আটটি রাজ্যে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গিয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এইচএএইচ/০১০০ ঘ.
bdnews24