ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরিয়ার বৃহত্তম শহর আলেপ্পোয় বিদ্রোহীদের বিরুদ্ধে সরকারী বাহিনীর ব্যাপক অভিযান শুরু হওয়ার চারদিন পর সোমবার রাত শেষেও অবস্থান ধরে রেখেছে বিদ্রোহীরা। শহরটির কয়েকটি এলাকায় সেনাবাহিনীর সঙ্গে বিদ্রোহীদের তুমুল লড়াই চলছে।
বিদ্রোহী অধিকৃত শহরের পূর্বাঞ্চলের হাসপাতাল ও ক্লিনিকগুলো লড়াইয়ে আহত মানুষে ভরে উঠেছে বলে জানিয়েছে বিবিসি।
বিদ্রোহীদের হটাতে আলেপ্পোতে অভিযান আরো জোরদার করেছে সেনাবাহিনী। তবে শহরটিতে নিজেদের শক্ত অবস্থানের কথা জানিয়েছে বিদ্রোহীরা। আলেপ্পোকে ক্ষমতাসীনদের “কবর” বানানোর প্রত্যয় ব্যক্ত করেছে তারা।
সেনাবাহিনী শহর সংলগ্ন সালাহেদিন এলাকা পুনর্দখল করেছে বলে দাবী করলেও তা অস্বীকার করেছে বিদ্রোহীরা। আলেপ্পোর দক্ষিণপশ্চিমের এই এলাকাটি দেশের দক্ষিণাঞ্চল থেকে শহরে াকা সেনাবাহিনীর রসদ সরবরাহের প্রধান প।
তীব্র লড়াইয়ের কারণে হাজার হাজার বাসিন্দার শহর ছেড়ে পালিয়ে যাওয়া অব্যাহত রয়েছে। এতে এ অঞ্চলের মানবিক সঙ্কট আরো গভীর হচ্ছে।
যুক্তরাজ্যভিত্তিক সরকারবিরোধী মানবাধিকার সংস্থা ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ জানিয়েছে, সোমবার সিরিয়াজুড়ে অন্তত ৪০ জন নিহত হয়েছে। এদের ৩০ জনই বেসামরিক নাগরিক। সালাহেদিন এলাকায় নিহত হয়েছে দুইজন বিদ্রোহী।
খোলা ট্রাকে মেশিনগান বসিয়ে সবুজ-সাদা-কালো সিরিয়ার “স্বাধীনতার” পতাকা উড়িয়ে সালাহেদিন এলাকায় টহল দিচ্ছে বিদ্রোহীরা। হেলিকপ্টার গানশিপ ও কামান, ট্যাংক থেকে সেনাবাহিনীর গোলাবর্ষণ সত্বেও এলাকাটি তাদের দখলে আছে বলে জানিয়েছে তারা।
এদিকে, যুক্তরাষ্ট্র ও তুরস্ক সিরিয়ার “রাজনৈতিক পরিবর্তনের” জন্য উদ্যোগ গ্রহণ করার বিষয়ে মতৈক্যে পৌঁছেছে। এর মধ্যে প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতা থেকে সরানোর বিষয়টিও রাখা হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস।
সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ও তুরস্কের প্রধানমন্ত্রী রিসেপ তাইপে এরদোগানের মধ্যে সিরিয়া বিষয়ে আলাপ হয়েছে। সিরিয়ার ভিতরে ও প্রতিবেশী দেশগুলোতে দেশটির ক্রমবর্ধমান শরণার্থীদের সহায়তা করার বিষয়ে একমত হয়েছে তারা।
গত ১৬ মাস ধরে সরকারবিরোধী আন্দোলন-বিদ্রোহ শুরু হওয়ার পর থেকে সিরিয়া সংলগ্ন তুরস্ক সীমান্তের তুর্কি অংশে হাজার হাজার সিরীয় শরণার্থী আশ্রয় নিয়ে আছে। তাদের জন্য শরণার্থী শিবির চালু করা হয়েছে।
ওদিকে, সিরিয়ার সঙ্কটে সামরিকভাবে না জড়াতে তুরস্ককে হুঁশিয়ার করেছে দামেস্কের মিত্রদেশ ইরান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১২৫৫ ঘ.
bdnews24