ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বব্যাপী হৈ চৈ ফেলে দেওয়া ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। প্রায় মাস খানেক সময় ধরে লন্ডনের ইকুয়েডর দূতাবাসে এক প্রকার বন্দি জীবনযাপন করে তার এই সমস্যা দেখা দিয়েছে বলে জানিয়েছেন অ্যাসাঞ্জের মা ক্রিস্টিন অ্যাসাঞ্জ।
ক্রিস্টিন অ্যাসাঞ্জ বর্তমানে ইকুয়েডরে রয়েছেন। ছেলে জুলিয়ানের রাজনৈতিক আশ্রয় পাওয়ার ব্যাপারে দেশটির কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে তিনি সেখানে গিয়েছেন বলে এনডিটিভির এক খবরে বলা হয়েছে।
তবে লন্ডন অলিম্পিক শেষ না হওয়া পর্যন্ত জুলিয়ান অ্যাসাঞ্জের রাজনৈতিক আশ্রয়ের ব্যাপারে কোনো ঘোষণা দেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছে ইকুয়েডর। অগাস্টের মাঝামাঝি সময়ে অলিম্পিক গেমস শেষ হওয়ার কথা।
সোমবার ইকুয়েডরের এক টেলিভিশনকে ক্রিস্টিন অ্যাসাঞ্জ বলেছেন, আবদ্ধ অবস্থায় থাকতে বাধ্য হওয়ায় ঠিকমত ব্যায়াম করতে পারছেন না জুলিয়ান অ্যাসাঞ্জ। সেই সঙ্গে মানসিক চাপ তো রয়েছেই।
চলতি বছরের ১৯ জুন সুইডেনে হস্তান্তরের পদক্ষেপ থেকে বাঁচতে লন্ডনের ইকুয়েডর দূতাবাসে আশ্রয় নেন অ্যাসাঞ্জ।
সুইডেনে তার বিরুদ্ধে দুই নারীকে যৌন হয়রানির করার অপরাধে মামলা রয়েছে। কিন্তু জুলিয়ান অ্যাসাঞ্জ বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছেন।
তার আশঙ্কা সুইডেনে পাঠানো হলে যুক্তরাষ্ট্র সহজেই তাকে কব্জায় নিতে পারবে। আর যুক্তরাষ্ট্রের হাতে গেলে তাকে গুপ্তচরবৃত্তির অজুহাতে মৃত্যুদণ্ড দেওয়া হতে পারে বলে তিনি আশঙ্কা করছেন।
ইরাকযুদ্ধ সম্পর্কিত যুক্তরাষ্ট্রের লাখ লাখ গোপন কূটনৈতিক বার্তা প্রকাশ করে দিয়ে বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করে জুলিয়ান অ্যাসাঞ্জের উইকিলিকস।
তার এই কর্মকাণ্ডের ফলে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশের সরকার বিব্রতকর অবস্থায় পড়ে। এর ফলশ্র“তিতে যুক্তরাষ্ট্রসহ ইউরোপীয় বেশ কয়েকটি দেশের রোষের মুখে রয়েছেন জুলিয়ান অ্যাসাঞ্জ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১০৮ ঘ.
bdnews24