রোম, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রাচীন রোমের মল্লযোদ্ধারা যেখানে নিজেদের প্রাণ বাঁচাতে লড়াই করত আরেক মল্লযোদ্ধা বা বাঘ, সিংহের মতো হিংস্র জন্তুর সঙ্গে ‘কোলোসিয়াম’ নামে পরিচিত সেই ঐতিহাসিক স্থাপনা দেবে যাচ্ছে।
মাটিতে দেবে একদিকে কাত হয়ে থাকা পিসার হেলানো মিনার আগে থেকেই সুপরিচিত। এখন পিসার মতো হেলে পড়ছে কোলোসিয়ামও।
কর্তৃপক্ষ জানিয়েছে, ঐতিহাসিক এই স্থাপনার দক্ষিণাংশ এর উত্তরাংশ থেকে ৪০ সেন্টিমিটার বেশি মাটিতে দেবে গেছে। ফলে দক্ষিণাংশ উত্তরাংশ থেকে কিছুটা নীচু হয়ে পড়েছে।
রোবাবার ইতালির দৈনিক ‘কোরিয়েরে ডেলা সেরা’য় প্রকাশিত এক নিবন্ধে কোলোসিয়ামটির পরিচালক রোজেলা রিয়া জানান, প্রায় এক বছর আগে ঘটনাটি প্রথম বিশেষজ্ঞদের নজরে আসে। তারপর থেকে গত কয়েকমাস ধরে বিষয়টি পর্যবেক্ষণাধীন রয়েছে।
ইতালির আরেকটি বিখ্যাত হেলানো স্থাপনা পিসার হেলানো মিনারকে মাটিতে পড়ে যাওয়া থেকে রক্ষা করতে প্রায় বারো বছর ধরে সংস্কার কাজ চালানো হয়। পর্যটকদের জনপ্রিয় এই মিনার পরিদর্শনের জন্য আবার খুলে দেওয়া হয়েছে।
কোলোসিয়ামও পর্যটকদের জন্য জনপ্রিয় স্থান। আর তাই দুই হাজার বছরের পুরনো এ ঐতিহ্য রক্ষা করতে জরুরি কোনো সংস্কার দরকার কিনা তা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ।
কোলোসিয়ামটির ভিত্তিতে ফাটল ধরতে পারে বলে সতর্ক করেছেন এক বিশেষজ্ঞ।
রোম সাম্রাজ্যের সময় এই কোলোসিয়ামে গ্লাডিয়েটর নামে পরিচিত মল্লযোদ্ধারা প্রাণ বাঁচাতে মানুষ বা বন্য জন্তুর সঙ্গে হিংস্র লড়াইয়ে লিপ্ত হত। এটি রোমোর অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র। প্রতি বছর লাখ লাখ পর্যটক কোলোসিয়াম পরিদর্শন করেন। এটি প্রাচীন রোমের অন্যতম প্রতীক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৫৪২ঘ.
bdnews24