জেরুজালেম, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- পারমাণবিক কর্মসূচি বন্ধে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক শক্তি ব্যবহার করা প্রয়োজন হয়ে পড়লে সে সিদ্ধান্তকে সমর্থন দেবেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলীয় প্রার্থী মিট রমনি।
রমনির সঙ্গে জেরুজালেম সফররত ঊর্ধ্বতন জাতীয় নিরাপত্তা সহযোগী ড্যান সেনর সাংবাদিকদের বলেন, ইরানের পরমাণু কর্মসূচি বন্ধে ইসরায়েলকে যদি নিজে থেকে ব্যবস্থা নিতে হয় তাহলে রমনি সে সিদ্ধান্তে সায় দেবেন।
জেরুজালেমে ইসরায়েলি নেতাদের সঙ্গে বৈঠকের আগে রমনি এ মন্তব্য করেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ইরানে আগ বাড়িয়ে হামলা না চালানোর জন্য ইসরায়েলকে রাজি করানোর চেষ্টার মধ্যে রমনির এ মন্তব্যে তার বিপরীত অবস্থানই স্পষ্ট হয়ে উঠেছে।
রমনি বিদেশ সফরকালে শনিবার ইসরায়েলে পৌঁছান। যুক্তরাষ্ট্রে ৬ নভেম্বরের নির্বাচনে বারাক ওবামাকে পরাজিত করার দৌড়ে বৈদেশিক নীতিতে সমর্থন আদায়ের প্রচেষ্টায় তিনি এ সফর করছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/১৮০৬ঘ.
bdnews24