নাইরোবি, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কেনিয়ায় ভেনেজুয়েলার দূতাবাসের শীর্ষ কর্মকর্তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। দেশটির রাজধানী নাইরোবিতে ওই কর্মকর্তাকে তার বাসভবনে মৃত অবস্থায় পাওয়া যায় বলে শুক্রবার পুলিশ জানিয়েছে।
পুলিশ জানিয়েছে, বৈদ্যুতিক বেড়া দিয়ে ঘিরে রাখা নিহত কর্মকর্তা ওলগা ফনসেকার সুরম্য বাড়িটিতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা রয়েছে।
ফনসেকা ভেনেজুয়েলার দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার ও রাষ্ট্রদূত ছিলেন।
নাইরোবির পুলিশ কমান্ডার অ্যান্থনি কিবুচি বলেন, “আমরা জানতে পেরেছি, তাকে তার বাড়ির বিছানায় মৃত অবস্থায় পাওয়া গেছে। আমরা যা দেখেছি তাতে মনে হচ্ছে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।”
কেনিয়ার পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ১৫ জুলাই থেকে ফনসেকা কেনিয়ায় দায়িত্বপালন শুরু করেন। ভেনেজুয়েলা জানিয়েছে, তিনি নাইরোবিতে অবস্থিত জাতিসংঘ সংস্থাগুলোতেও দেশের প্রতিনিধিত্ব করছিলেন। তানজানিয়া, উগান্ডা ও রুয়ান্ডার দায়িত্বে ছিলেন তিনি।
ভেনেজুয়েলা সরকার তার মৃত্যুকে ‘অপূরণীয় ক্ষতি’ উল্লেখ করে গভীর শোক প্রকাশ করেছে। কেনিয়া কর্তৃপক্ষ তার হত্যাকারীদের ধরতে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে ভেনেজুয়েলা।
এক বিবৃতিতে ভেনেজুয়েলা জানায়, এই ঘটনা তদন্তে সব ধরনের সহযোগিতা করতে তারা প্রস্তুত।
তবে এ হত্যাকাণ্ডের কারণ এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১০৪০ ঘ.
bdnews24