২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার আমিরাত ও সাইপ্রাসের রাষ্ট্রদূতের পক্ষত্যাগ

ইরাকের পর এবার সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও সাইপ্রাসে নিযুক্ত সিরিয়ার দুই রাষ্ট্রদূত পক্ষ ত্যাগ করেছেন। ব্যক্তিগত জীবনে ওই দুই কূটনীতিক স্বামী-স্ত্রী। তারা বর্তমানে কাতারে অবস্থান করছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2012, 03:43 AM

Updated : 24 Aug 2022, 11:49 AM

আম্মান, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরাকের পর এবার সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও সাইপ্রাসে নিযুক্ত সিরিয়ার দুই রাষ্ট্রদূত পক্ষ ত্যাগ করেছেন। ব্যক্তিগত জীবনে ওই দুই কূটনীতিক স্বামী-স্ত্রী। তারা বর্তমানে কাতারে অবস্থান করছেন। সরকার বিরোধী সিরিয়ান ন্যাশনাল কাউন্সিলের (এসএনসি) এক মুখপাত্র বুধবার এ খবর জানান। ১৬ মাস ধরে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে চলা বিদ্রোহে এর আগে ইরাকে নিযুক্ত সিরীয় রাষ্ট্রদূত নওয়াফ আল-ফারেস সিরীয় সরকারের পক্ষ ত্যাগ করেন। তিনিই পক্ষত্যাগকারী প্রথম সিরীয় রাষ্ট্রদূত। সিরিয়ার পূর্বাঞ্চল থেকে আসা সুন্নি গোত্রের একজন জ্যেষ্ঠ রাজনীতিক ফারেস দুই সপ্তাহ আগে সরকারের পক্ষ ত্যাগ করে কাতারে চলে যান। ইউএই ও সাইপ্রাসের রাষ্ট্রদূতের পদত্যাগ প্রসঙ্গে এসএনসি’র মুখপাত্র মোহাম্মাদ সারমিনি রয়টার্সকে টেলিফোনে বলেন, “রাষ্ট্রদূত আবদেলতিফ আল-দাবাঘ এখন কাতারে অবস্থান করছেন।” সারমিনি আরো জানান, সাইপ্রাসে নিযুক্ত সিরীয় রাষ্ট্রদূত লামিয়া আল-হারিরিকে বিয়ে করেছেন দাবাঘ। লামিয়াও তার স্বামীর সঙ্গে বর্তমানে কাতারে অবস্থান করছেন। সুন্নি মুসলিম লামিয়া আল-হারির জন্মস্থান সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় প্রদেশ দেরায়। ওই অঞ্চল থেকে আসাদের বিরুদ্ধে বিদ্রোহের সূচনা হয়। লামিয়া সিরিয়ার ভাইস প্রেসিডেন্ট ফারখ আল-সারার ভাইয়ের মেয়ে। তবে সিরিয়ার সরকার ব্যবস্থায় ভাইস-প্রেসিডেন্ট একটি আনুষ্ঠানিক পদ মাত্র। ক্ষমতার ব্যবহারের ক্ষেত্রে ওই পদ থেকে তেমন কোনো ভূমিকা রাখার সুযোগ নেই। এদিকে, ওমানে সিরিয়ার দূতাবাসে নিযুক্ত একজন সামরিক অ্যাটাচে আল জাজিরা টেলিভিশনকে জানিয়েছেন, তিনিও সিরীয় সরকারের পক্ষ ত্যাগ করেছেন। মোহাম্মাদ তাহসেন আল ফকির নামে ওই কর্মকর্তা তার পক্ষত্যাগের কারণ হিসেবে বলেন, “সিরিয়ায় আমাদের জনগণকে অব্যাহত ভাবে হত্যা ও তাদের ওপর বোমা বর্ষণ এবং গণহত্যা সংঘটিত হওয়ার পরিপ্রেক্ষিতে আমি সরকারের পক্ষ ত্যাগ করতে বাধ্য হলাম।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/০৯৩৫ ঘ.