২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ার আলেপ্পো অভিমুখে সেনাবহর

তুরস্ক সীমান্তে অবস্থানরত সিরিয়া সরকারের হাজার হাজার সেনা বুধবার আলেপ্পোয় লড়াইয়ে যোগ দিতে যাচ্ছে বলে জানিয়েছে সরকার বিরোধী আন্দোলনকর্মীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2012, 11:58 AM

Updated : 24 Aug 2022, 11:48 AM

বৈরুত, ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তুরস্ক সীমান্তে অবস্থানরত সিরিয়া সরকারের হাজার হাজার সেনা বুধবার আলেপ্পোয় লড়াইয়ে যোগ দিতে যাচ্ছে বলে জানিয়েছে সরকার বিরোধী আন্দোলনকর্মীরা। তারা জানায়, তুরস্ক সীমান্তের কাছে ইদলিব প্রদেশ থেকে হাজার হাজার সেনা ট্যাংক ও সাঁজোয়া যান নিয়ে আলেপ্পোয় যাচ্ছে। জাবাল আল জাউইয়া থেকে সেনারা আলেপ্পোয় রওনা হওয়ার সময় তাদের ওপর হামলা চালায় বিদ্রোহীপক্ষের যোদ্ধারা। সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম নগরী আলেপ্পোয় এ সপ্তাহে সরকার ও বিদ্রোহী পক্ষের তুমুল লড়াই চলছে। পূর্বাঞ্চলীয় এলাকাগুলোতে মঙ্গলবার জঙ্গি বিমান থেকে বোমা হামলা চালিয়েছে সেনারা। সিরিয়ার রাজধানী দামেস্কের এ সপ্তাহে তীব্র লড়াই হয়েছে। দামেস্কও উত্তরাঞ্চলীয় আল- তেল শহরতলীতে গোলা ও রকেট হামলা চালিয়েছে সেনারা। প্রচণ্ড হামলার মুখে দামেস্কর কিছু এলাকা থেকে বিদ্রোহীরা পিছু হটেছে বলে খবর পাওয়া গেছে। এখন লড়াই চলছে আলেপ্পোর নিয়ন্ত্রণ নিয়ে। মঙ্গলবার এ নগরীতে হামলা জোরদার করেছে সেনাবাহিনী। জঙ্গি বিমান হামলা ছাড়াও মেশিনগান, মর্টার ও রকেট হামলা হয়েছে। দামেস্ক এবং আলেপ্পো দুইই সরকারের ক্ষমতার গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু। আর সেকারণেই এ দুটি জায়গায় সরকার সর্বশক্তি দিয়ে বিদ্রোহীদের পরাস্ত করতে চাইছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আলেপ্পোয় মঙ্গলবার প্রথম জঙ্গি বিমান হামলা চালিয়েছে সেনারা। রাতভর সেখানে চলেছে লড়াই। সেনাদের কাছে থেকে শহরটির নিয়ন্ত্রণ কেড়ে নিতে লড়ছে বিদ্রোহী যোদ্ধারা। তাদের ওপর পাল্টা বোমা, গোলা ও রকেট হামলা চালাচ্ছে সরকারি সেনারা। ব্যবহার হচ্ছে হেলিকপ্টার গানশিপও। মঙ্গলবার আলেপ্পোয় ৪ বেসামরিক নাগরিক ও একজন বিদ্রোহী নিহত হয়েছে, দামেস্কে নিহত হয়েছে ৪ বেসামরিক নাগরিক, দেইর এজর এ নিহত হয়েছে এক বিদ্রোহী এবং ইদলিবে ৪ সিরীয় সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে ‘দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’। এর আগে সোমবার সিরিয়াজুড়ে ১১৬ জন নিহত হওয়ার কথা জানায় অবজারভেটরি। লড়াই ক্রমেই তীব্র হতে থাকায় সিরিয়ার রাসায়নিক অস্ত্র ব্যবহারের আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে পড়েছে আন্তর্জাতিক স¤প্রদায়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ইতোমধ্যেই সিরিয়াকে এ ধরনের অস্ত্র ব্যবহার না করার ব্যাপারে সতর্ক করেছেন। বহির্বিশ্ব সিরিয়া পরিস্থিতি লক্ষ্য রাখছে বলে সতর্ক করেন তিনি। লড়াই থেকে বাঁচতে দেশ ছেড়ে পালানো সিরীয় শরণার্থীর সংখ্যা বেড়ে এক লাখ ১৫ হাজারে পৌঁছেছে এবং তা প্রতিদিনই বাড়ছে। সিরিয়া পরিস্থিতির অবনতি হতে থাকায় নিরাপত্তার কারণে সীমান্ত ক্রসিং বন্ধ করে দেওয়া হবে বলে বুধবার জানিয়েছে তুরস্ক। জাতিসংঘ শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) তথ্যানুযায়ী, ৪২ হাজার সিরীয় পালিয়ে তুরস্কে চলে গেছে, লেবানন ও জর্ডানে গেছে ৩০ থেকে ৪০ হাজার শরণার্থী এবং ইরাকে গেছে ৮ হাজার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৫৫১ঘ.