কারাকাস, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ল্যাটিন আমেরিকার আঞ্চলিক মানবাধিকার আদালত ‘দ্য ইন্টার আমেরিকান কোর্ট অব হিউম্যান রাইটস’ থেকে নাম প্রত্যাহার করেছে ভেনেজুয়েলা। আদালতটিকে যুক্তরাষ্ট্রের ‘দাবার ঘুটি’ হিসেবে অভিযুক্ত করেছেন ল্যাটিন আমেরিকার বামপন্থী নেতারা।
মঙ্গলবার সামরিক বাহিনীর এক অনুষ্ঠানে নাম প্রত্যাহারের কথা ঘোষণা করেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ।
ভেনেজুয়েলা ছাড়াও বলিভিয়া, ইকুয়েডর ও নিকারাগুয়া দেশগুলোর আদালতে বিচারাধীন মামলা নিয়ে সঠিক বিবেচনা না করে বিতর্কিত মন্তব্য করার জন্য ইন্টার-আমেরিকান কোর্টকে অভিযুক্ত করে আসছিল। আদালতটি বামপন্থী সরকারগুলোকে ছোট করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেছে দেশগুলো।
“অমর্যাদার কারণে ইন্টার-আমেরিকান কোর্ট থেকে নাম প্রত্যাহার করে নিচ্ছে ভেনেজুয়েলা। তাদের অভিযুক্ত করছি আমরা। মানবাধিকার গোষ্ঠী হিসেবে বিশ্ব মহলে গ্রহণযোগ্যতা হারাচ্ছে তারা,” বলেন শ্যাভেজ।
ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে স্পেন ও কলম্বিয়ার দূতাবাসে হামলার জন্য অভিযুক্ত এক ব্যক্তির বিচারের বিষয়ে ইন্টার-আমেরিকান কোর্টের এক রুলিং নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। ভেনেজুয়েলা অভিযুক্তের মানবাধিকার লঙ্ঘণ করছে বলে অভিযোগ করে আদালত। ভেনেজুয়েলার কারাগারের পরিস্থিতি শোচনীয় বলেও মন্তব্য করে ওই প্রতিষ্ঠানটি।
আর এরপরই আদালতটি থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত ঘোষণা করলো ভেনেজুয়েলা।
বিচারে অভিযুক্ত রাউল ডিয়াজের নয় বছর কারাবাসের দণ্ড হয়। কিন্তু শর্তাধীন মুক্তির একটি আর্জিতে জেতার পর কারাগার থেকে বেরিয়ে তিনি যুক্তরাষ্ট্রে পালিয়ে যান বলে জানিয়েছে ভেনেজুয়েলার পররাষ্ট্র মন্ত্রণালয়।
কোস্টারিকাভিত্তিক ‘দ্য ইন্টার আমেরিকান কোর্ট অব হিউম্যান রাইটস’ ওয়াশিংটনভিত্তিক ‘অর্গানাইজেশন অব আমেরিকান স্টেটস’ (ওএএস) এর একটি অঙ্গ প্রতিষ্ঠান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৩৪০ ঘ.
bdnews24