২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তালেবান দলে যোগ দিয়েছে ১৩ আফগান পুলিশ

আফগানিস্তানের ফারাহ প্রদেশে এক পুলিশ কমান্ডারের সঙ্গে আরো ১২ জন অধস্তন পুলিশ কর্মকর্তা সরকার পক্ষ ত্যাগ করে তালেবানদের সঙ্গে যোগ দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2012, 02:45 PM

Updated : 24 Aug 2022, 11:48 AM

হেরাত, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানের ফারাহ প্রদেশে এক পুলিশ কমান্ডারের সঙ্গে আরো ১২ জন অধস্তন পুলিশ কর্মকর্তা সরকার পক্ষ ত্যাগ করে তালেবানদের সঙ্গে যোগ দিয়েছে। আফগান পুলিশে এটি পক্ষত্যাগের সবচেয়ে বড় ঘটনা বলেই মনে করছেন সংবাদদাতারা। সরকারি কর্মকর্তারা মঙ্গলবার জানান, মিরওয়াইজ নামে আফগান ওই পুলিশ কমান্ডার বালা বলুক এলাকায় একটি তল্লাশিকেন্দ্রের দায়িত্বে ছিলেন। তিনি অস্ত্রশস্ত্র নিয়ে সদলবলে তালেবানদের সঙ্গে যোগ দিয়েছেন। ফারাহ প্রদেশের গভর্নরের মুখপাত্র আব্দুল রহমান জাওয়ান্দাই বলেছেন, মিরওয়াইজ শেওয়ান গ্রামে একটি তল্লাশিকেন্দ্রের পুলিশ কমান্ডার ছিলেন। তিনি যুক্তরাষ্ট্রের তৈরি সশস্ত্র যান হামভি, একটি রেঞ্জার (এসইউভি), রেডিও এবং ২০ টি বন্দুক নিয়ে তালেবান দলে যোগ দেন। পক্ষত্যাগ করে চলে যাওয়ার সময় মিরওয়াইজের দল তাদের ৭ সহযোগীকে বিষ প্রয়োগে মারারও চেষ্টা করে। কারণ ওই ৭ পুলিশ তাদেরকে বাধা দিয়েছিল। এদের সবাইকে হাসপাতালে নেওয়া হয়েছে এবং ঘটনাটি তদন্ত করে দেখা হবে বলে জানান জাওয়ান্দাই। তিনি বলেন, এত অস্ত্র নিয়ে তালেবানদের সঙ্গে পুলিশের যোগ দেওয়ার ঘটনা এটাই প্রথম। ২০১৪ সালে আফগান বাহিনীর হাতে মার্কিন বাহিনীর নিরাপত্তার দায়িত্ব তুলে দেওয়ার আগে দিয়ে এমন ঘটনায় পশ্চিমাদের উদ্বেগ আরো বাড়বে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এলকিউ/২০৪০ঘ.