এথেন্স, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ৩০ এর দশকের যুক্তরাষ্ট্রের মতো গ্রিসও এখন ‘মহামন্দা’র কবলে। গ্রিসের প্রধানমন্ত্রী অ্যান্তোনিস সামারাস যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনকে রোববার একথা বলেছেন।
ঋণসঙ্কটাপন্ন গ্রিসকে এ সঙ্কট কাটিয়ে ওঠার জন্য ঋণসহায়তা তহবিলের শর্ত পূরণে আরো ব্যয়সঙ্কোচের জন্য চাপ দিতে আন্তর্জাতিক ঋণদাতাদের একটি দল এথেন্সে পৌঁছানোর দুদিন আগে এ মন্তব্য করলেন সামারাস।
গ্রিস-আমেরিকান ব্যবসায়ী প্রতিনিধিদের অংশ হিসেবে দেশটিতে সফররত ক্লিনটনকে সামারাস বলেন, “যুক্তরাষ্ট্রে এ ধরনের মহামন্দা ছিল। ঠিক একইরকম অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি আমরা।”
গত মার্চ মাসে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে করা চুক্তির আওতায় ১৩০ বিলিয়ন ইউরো ঋণসহায়তা প্যাকেজের বিনিময়ে বেঁধে দেওয়া শর্ত শিথিল করার দাবি জানিয়েছে এথেন্স।
দীর্ঘদিনের অর্থনৈতিক মন্দাজর্জরিত গ্রিসে ইইউ/আইএমএফ’র ঋণসহায়তা প্যাকেজের শর্তানুযায়ী, কর বাড়ানো, ব্যয়সঙ্কোচন ও মজুরি কমানোর কারণে এ বছরের শেষ নাগাদ জিডিপি পঞ্চমবারের মতো কমে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
আর এ বছরের প্রথম তিন মাসে বেকারত্ব হারও বেড়ে রেকর্ড ২২ দশমিক ৬ শতাংশে দাঁড়িয়েছে। ২০০৮ সালে মন্দার পর থেকে প্রতিবছরই গ্রিসের জিডিপি কমছে।
২০০৮ সালে মন্দার পর থেকে প্রতিবছরই জিডিপি কমছে।
বড় ধরনের আর্থিক সংকট এড়ানো এবং ২০১৪ সালের শেষ নাগাদ বাজেট ঘাটতি কমাতে আরো দুই বছরের সময় চেয়েছে গ্রিস। তবে তাদের এ প্রস্তাব মানতে নারাজ আন্তর্জাতিক ঋণদাতারা। কারণ, এতে করে গ্রিসকে আরো অর্থ সহায়তা দেওয়ার প্রয়োজন পড়বে বলে মনে করছে তারা।
এথেন্সের মহামন্দার বিষয়টি তুলে ধরে জার্মান ম্যাগাজিন ‘দার স্পিগেল’ রোববার এক প্রতিবেদনে বলেছে, আইএমএফ হয়ত গ্রিসকে আর কোনো আর্থিক সহায়তা দেবে না।
তবে জার্মান ও গ্রিসের অর্থমন্ত্রীরা এ প্রতিবেদনের বিষয়ে কোনো মন্তব্য করেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এলকিউ/১৮৪৪ঘ.
bdnews24