২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকজুড়ে হামলায় নিহত ১০৭

ইরাকজুড়ে বিভিন্ন শহরে বোমা ও বন্দুক হামলায় সোমবার অন্তত ১০৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে ২৬৮ জন। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2012, 06:00 AM

Updated : 24 Aug 2022, 11:47 AM

বাগদাদ, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরাকজুড়ে বিভিন্ন শহরে বোমা ও বন্দুক হামলায় সোমবার অন্তত ১০৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে ২৬৮ জন। (আরো তথ্যসহ) রাজধানী বাগদাদের উত্তরে ধুলুইয়ায় একটি সামরিক ঘাঁটির কাছে বন্দুকধারীরা মেশিনগান এবং হাত গ্রেনেড হামলা চালায়। গত দুই সপ্তাহের মধ্যে এটিই সবচেয়ে সহিংস দিন। ইরাকি পুলিশ ও হাসপাতাল সূত্রগুলো হতাহতের সংখ্যাটি জানিয়েছে। বাগদাদের ২০ কিলোমিটার উত্তরে তাজি এলাকায় গাড়িবোমাসহ ৭ টি বিস্ফোরণে ১৪ পুলিশসহ অন্তত ৪১ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৪৮ জন। সদর সিটিতে একটি সরকারি ভবন এবং হুসেইনিয়া এলাকায় দু’টি গাড়ি বোমা হামলায় নিহত হয়েছে ২১ জন। আহত হয়েছে ৭৩ জন। উত্তরাঞ্চলীয় কিরকুক শহরে ৫ টি গাড়ি বোমা বিস্ফোরণে ৬ জন নিহত হয়েছে, আহত হয়েছে ১৭ জন। দিয়ালার বিভিন্ন নিরাপত্তা তল্লাশি কেন্দ্রে বিস্ফোরণ ও বন্দুক হামলায় নিহত হয়েছে ৪ সেনাসহ ৬ জন। আহত হয়েছে ৩০ জন। এছাড়া, ধুলুইয়া, সাদিয়া, খান বেনি সাদ, তুজ খুরমাতু এবং দিবিস, সামারা, দুজাইল এবং দিওয়ানিয়া শহরেও হামলায় হতাহতের ঘটনা ঘটেছে। ধুলুইয়ায় ১৬ সেনা নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। ওদিকে, বাগদাদের ৩০ কিলোমিটার উত্তরপূর্বে খান বনি সাদ শহরে একটি সামরিক তল্লাশি কেন্দ্রের কাছে দু’টো গাড়ি বোমা বিস্ফোরণে নিহত হয়েছে ৫ জন, আহত হয়েছে ২২ জন। বাগদাদের ৯০ কিলোমিটার উত্তরে উধাইম শহরে একটি তল্লাশিকেন্দ্রে বন্দুকধারীরা ৪ সেনাকে হত্যা করেছে। আহত হয়েছে ৫ জন। এর আগে রোববার বাগদাদের দক্ষিণে দু টি শহরে গাড়ি বোমা হামলায় অন্তত ২০ জন নিহত ও ৮০ জন আহত হয়। পুলিশের বক্তব্য অনুযায়ী, রাজধানী বাগদাদের ৩০ কিলোমিটার দক্ষিণে মাহমুদিয়া শহরে তিনটি গাড়ি বোমা বিস্ফোরিত হয়। এতে ১১ জন নিহত ও ৩৮ জন আহত হয়। বাগদাদের ৩০ কিলোমিটার দক্ষিণপূর্বের মাদায়েন শহরে আরো দুটি বোমা বিস্ফোরিত হয়। জনাকীর্ণ বাজার এলাকায় বিস্ফোরিত এসব বোমায় পাঁচজন নিহত ও ১৪ জন আহত হয়। এছাড়া বাগদাদের ১৬০ কিলোমিটার দক্ষিণে নাজাফ শহরের ব্যস্ত একটি বাণিজ্যিক এলাকার রাস্তায় একটি গাড়ি বোমা বিস্ফোরণ ঘটানো হয়। এখানে ৪ জন নিহত ও ২৮ জন আহত হয় বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ২০০৬-২০০৭ সালে ইরাকজুড়ে ব্যাপক সহিংসতায় হাজার হাজার মানুষ মারা যাওয়ার পর সহিংসতার মাত্রা ধীরে ধীরে কমে আসে। তবে এখনো বাগদাদ ও এর আশপাশের এলাকাগুলোতে প্রায়ই ভয়াবহ হামলা হচ্ছে। শনিবার রমজান মাস শুরু হওয়ার আগের দুই সপ্তাহে তেমন কোনো সহিংতার ঘটনা ঘটেনি। কিন্তু রমজান শুরু হওয়ার একদিন পরই আবার সহিংসতা শুরু হল। গত মাসে বোমা বিস্ফোরণসহ বিভিন্ন হামলায় অন্তত ২৩৭ জন মারা যায় ও ৬০৩ জন আহত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১১৫৬ ঘ.