কায়রো, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিশর থেকে ইসরায়েল ও জর্ডানে প্রাকৃতিক গ্যাস সরবরাহের জন্য নির্মিত পাইপলাইনে রোববার নতুন করে বিস্ফোরণ ঘটেছে। গত বছর মুবারক বিরোধী আন্দোলন শুরু হওয়ার পর থেকে পাইপলাইনটিতে এ নিয়ে ১৫ বার হামলা হল।
নিরাপত্তা কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীরা জানান, বন্দুকধারীরা ছোট একটা ট্রাকে করে এসে পাইপলাইনে গর্ত করে পাইপের ভিতর বিস্ফোরক ঢুকিয়ে দেয়।
এরপর সকালে উপকূলীয় সিনাই শহরের আল-আরিশের পূর্বাঞ্চলীয় আল-তুয়াইলে বিস্ফোরণ ঘটে। তাৎক্ষণিকভাবে কেউ এ ঘটনার দায় স্বীকার করেনি।
পাইপলাইন রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কোম্পানির এক কর্মকর্তা বলেন, এপ্রিল মাসে এ ধরনের এক বিস্ফোরণের পর ইসরায়েল ও জর্ডানে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়।
আল আরিশের অধিবাসীরা জানান, তিনদিন আগে আবারো এ পাইপলাইন দিয়ে গ্যাস সরবরাহ শুরু হয়েছিল।
মুবারকের শাসনামলে ২০ বছরের জন্য গ্যাস সরবরাহ চুক্তি হয়। তবে মিশরের অধিকাংশ নাগরিকই এ চুক্তির বিপক্ষে। আর ইসরায়েল ঠিকমতো গ্যাসের মূল্য পরিশোধ করছে না বলেও সমালোচকরা অভিযোগ করছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এবি/২০২০ঘ.
bdnews24