ঢাকা, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতে সদ্য রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে নতুন অধ্যায় শুরু করছেন প্রণব মুখোপাধ্যায়।
পশ্চিমবঙ্গের সন্তান হিসাবে ভারতে তিনিই হলেন প্রথম বাঙালি রাষ্ট্রপতি। রাজনৈতিক ক্ষেত্রে তার রয়েছে দীর্ঘ অভিজ্ঞতা।
৪৩ বছর আগে প্রথম পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন প্রণব। দেশটির মন্ত্রীর দায়িত্ব পান ৩৯ বছর আগে। ঠিক ৩০ বছর আগে প্রথমবারের মতো ভারতের অর্থমন্ত্রীর দায়িত্ব নেন তিনি।
শিগগিরই তাকে ভারতের রাষ্ট্রপতির নতুন দায়িত্বে দেখা যাবে।
৭৬ বছর বয়সী প্রণব গত ৪০ বছরে প্রায় প্রতিটি কংগ্রেস সরকারের মন্ত্রিসভাতেই ঠাঁই পেয়েছেন। রাষ্ট্রপতি পদে মনোনয়ন পাওয়ার আগে তিনি অর্থমন্ত্রী ছিলেন।
১৯৩৫ সালের ১১ ডিসেম্বর পশ্চিমবঙ্গের বীরভূম জেলার কির্নাহর শহরের নিকটবর্তী মিরাটি গ্রামে কামাদা কিঙ্কর মুখোপাধ্যায় ও রাজলক্ষ্মীর ঘরে জন্ম নেন প্রণব। বাবা কিঙ্কর মুখোপাধ্যায়ও কংগ্রেসের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে রাজনীতি, ইতিহাস ও আইনে লেখাপড়া শেষে শিক্ষক, সাংবাদিক ও আইনজীবী হিসেবে কাজ করেন প্রণব।
এরপর ১৯৬৯ সালে রাজনীতিতে জড়িত হন তিনি। প্রথমে তিনি ভারতের পার্লামেন্টের নিুকক্ষ রাজ্যসভায় যান। এরপর গত ৩০ বছরে পররাষ্ট্র, স্বরাষ্ট্র ও প্রতিরক্ষার মতো একের পর এক ভারতের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।
প্রণবের রক্তে মিশে আছে কংগ্রেসের রাজনীতি। অবশ্য একবার বিদ্রোহীর ভূমিকাতেও দেখা যায় এই বর্ষীয়ান নেতাকে। ১৯৮৪ সালে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী নিহত হওয়ার পর দলীয় কোন্দলের কারণে কংগ্রেস থেকে সরে যান প্রণব। ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর তার ছেলে রাজীব গান্ধী কংগ্রেস ও সরকার প্রধানের দায়িত্ব নেন। তার মন্ত্রিসভায়ও ছিলেন না প্রণব মুখোপাধ্যায়।
তখন কংগ্রেস থেকে বেরিয়ে গিয়ে রাষ্ট্রীয় সমাজবাদী কংগ্রেস নামে একটি রাজনৈতিক দলের যাত্রা শুরু করেন প্রণব মুখোপাধ্যায়। ১৯৯১ সালে পি ভি নরসিমা রাও ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর প্রণব মুখোপাধ্যায়কে কংগ্রেসে ফিরিয়ে এনে পরিকল্পনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান করা হয়।
রাজনীতির পাশাপাশি আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের বোর্ড অফ গভর্নরসের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন প্রণব।
রাজনীতির মতো রবীন্দ্র সঙ্গীতের প্রতিও গভীর ভালো লাগা রয়েছে তার। স্ত্রী শুভ্রা আর দুই ছেলে ও এক মেয়ে নিয়ে প্রণবের সংসার। বড় ছেলে অভিজিত মুখোপাধ্যায়ও কংগ্রেসের রাজনীতিতে জড়িত। আর মেয়ে শর্মীষ্ঠা নৃত্যশিল্পী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৫৪১ ঘ.
bdnews24