২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব

ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন প্রণব মুখোপাধ্যায়। এর মধ্য দিয়ে প্রথম বাঙালি রাষ্ট্রপতি পেল ভারত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2012, 11:11 AM

Updated : 24 Aug 2022, 11:47 AM

ঢাকা, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন প্রণব মুখোপাধ্যায়। এর মধ্য দিয়ে প্রথম বাঙালি রাষ্ট্রপতি পেল ভারত। ১৩তম রাষ্ট্রপতি হিসেবে প্রণব বর্তমান রাষ্ট্রপতি প্রতিভা পাতিলের স্থলাভিষিক্ত হলেন। আগামী ২৫ জুলাই রাষ্ট্রপতি পদে শপথ নেওয়ার জন্য প্রণব ইতোমধ্যেই প্রস্তুতি নিতে শুরু করেছেন বলে ভারতের গণমাধ্যমগুলো জানিয়েছে। ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, ইউপিএ জোট মনোনীত প্রার্থী প্রণব মুখোপাধ্যায় পেয়েছেন ৫ লাখ ৫৮ হাজার ১৯৪ ভোট। এর মধ্য দিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ন্যূনতম ভোটের অঙ্ককে ছাড়িয়ে গেছেন তিনি। অন্যদিকে, বিজেপিসহ কয়েকটি বিরোধীদলের সমর্থনে প্রণবের একমাত্র প্রতিদ্বন্দ্বী পি এ সাংমা পেয়েছেন মাত্র ২ লাখ ৪০ হাজার ৭৮৩ ভোট। বৃহস্পতিবার ভোট গ্রহণের পর রোববার সকাল থেকে পার্লামেন্ট ভবনে কঠোর নিরাপত্তার মধ্যে প্রতিনিধিদের উপস্থিতিতে ভোট গণনা হয়। সকাল ১১ টায় ভোট গণনা শুরু হওয়ার পরই এমপিদের ৭২ শতাংশ ভোটে এগিয়ে যান প্রণব। এমপিদের ৭৪৮ ভোটের মধ্যে ৫২৭ ভোট পান তিনি। আর তার প্রতিদ্বন্দ্বী এনডি প্রার্থী পি এ সাংমা পান ২০৬ ভোট। বড় বড় রাজ্যগুলোতেও প্রণবের পক্ষে বিপুল ভোট পড়ায় তার তিনি জয়ে ধারায় চলে আসেন। কেরালায় ১২৪ জন বিধায়কের সব কটি ভোটই পান তিনি। ভারতীয় জনতা পার্টি বিজেপি ও জেএমএম এর ক্ষমতা ভাগাভাগির রাজ্য ঝাড়খন্ডেও বিস্ময়করভাবে ভোটে এগিয়ে যান প্রণব। জম্মু ও কাশ্মীরে প্রণব পান ৬৮ ভোট। আর সাংমা পান ১৫ ভোট। অন্যদিকে, বিরোধীদল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতৃত্বাধীন রাজ্য গোয়া, হিমাচল, ছত্তিশগড় এবং গুজরাটে সাংমা বেশি ভোট পেলেও প্রণবকে হারানোর জন্য তা মোটেও যথেষ্ট ছিল না। ভারতের নিয়ম অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে একজন সদস্যের ভোটমূল্য নির্ধারিত হয় প্রত্যেক রাজ্যের মোট জনসংখ্যার অনুপাত অনুযায়ী। অর্থাৎ, রাজ্যের প্রকৃত ভোটার আর বিধানসভা আসনের অনুপাতই হলো ওই রাজ্যের বিধায়কের ভোটমূল্য। পাশাপাশি দেশের মোট ভোটারকে লোকসভা ও রাজ্যসভার সদস্যসংখ্যা দিয়ে ভাগ করা হয়। এভাবে রাজ্যসভা ও লোকসভার ভোটমূল্য নির্ধারিত হয়। ভারতের দুই সংসদে ৭৭৬ জন সাংসদ ও চার হাজার ১২০ জন বিধায়ক মিলিয়ে এবারের রাষ্ট্রপতি নির্বাচনে রাজ্যসভা ও বিধানসভার ভোটমূল্য ছিল ১০ লাখ ৯৮ হাজার ৮৮২। নির্বাচনে জয়ের জন্য একজন প্রার্থীকে পেতে হয় ন্যূনতম পাঁচ লাখ ৪৯ হাজার ৪৪২ ভোট। বৃহস্পতিবার ভারতীয় সংসদের উচ্চকক্ষ রাজ্যসভা, নিম্নকক্ষ লোকসভা এবং রাজ্যগুলোর বিধানসভার সদস্যরা প্রত্যেক রাজ্যের বিধানসভা ভবনে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোট দেন। নির্বাচনে রাষ্ট্রপতি পদের লড়াইয়ে প্রণবের প্রতিদ্বন্দ্বী ছিলেন ভারতের প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সমর্থন পাওয়া পিএ সাংমা। সাংমা লোকসভার সাবেক স্পিকার। তবে গুরুত্বপূর্ণ শরিকদের সমর্থন টানতে পারায় ক্ষমতাসীন সংযুক্ত প্রগতিশীল মোর্চার (ইউপিএ) প্রার্থী প্রণব মুখোপাধ্যায়ই যে জয়ী হচ্ছেন- তা নিশ্চিত হয়ে যায় ভোটের আগেই। ইউপিএ জোটের বাইরের কিছু দলও এ নির্বাচনে প্রণবকে সমর্থন দিয়েছে। তবে শুরুতে প্রণব মুখোপাধ্যায়কে প্রার্থী হিসেবে মানতে রাজি হননি ইউপিএ জোটের গুরুত্বপূর্ণ অংশীদার পশ্চিম বঙ্গের মূখ্যমন্ত্রী তৃণমূল প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে জোটের ভেতর চাপা উৎকণ্ঠাও তৈরি হয়। শেষ পর্যন্ত মমতা পিছু হটেন, প্রণবের প্রার্থিতায় সমর্থন দেন। নির্বাচনে প্রণব মুখোপাধ্যায়ের এ জয় তার রাজনৈতিক জীবনে সবচেয় কষ্টার্জিত ও বড় অর্জন। মনোয়নের ক্ষেত্রে প্রথমে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দোপাধ্যায়ের সমর্থন না পাওয়া, প্রেসিডেন্ট প্রার্থী হিসাবে সাবেক রাষ্ট্রপতি এ পি জে আব্দুল কালামের প্রার্থী না হতে চাওয়া, সাংঘর্ষিক পদে বহাল থাকা নিয়ে তার প্রার্থিতাকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাংমার চ্যালেঞ্জ প্রভৃতি নানা প্রতিকূলতা কাটিয়ে অবশেষে রাষ্ট্রপতি হলেন প্রণব। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/বিসিএস/এলকিউ/১৬৪২ ঘ.