২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘কলরাডোর হামলা দীর্ঘ পরিকল্পনার ফসল’

যুক্তরাষ্ট্রের সিনেমা হলে হামলার অভিযোগে আটক জোমস হোমস হামলা চালাতে দীর্ঘদিন ধরে পরিকল্পনা করেছে বলে জানিয়েছে পুলিশ। হামলার উদ্দেশ্যে সাম্প্রতিক মাসগুলোতে বেশ কিছু অস্ত্রশস্ত্র সংগ্রহ করেছিল সে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2012, 09:15 AM

Updated : 24 Aug 2022, 11:47 AM

অরোরা, কলোরোডা, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের সিনেমা হলে হামলার অভিযোগে আটক জোমস হোমস হামলা চালাতে দীর্ঘদিন ধরে পরিকল্পনা করেছে বলে জানিয়েছে পুলিশ। হামলার উদ্দেশ্যে সাম্প্রতিক মাসগুলোতে বেশ কিছু অস্ত্রশস্ত্র সংগ্রহ করেছিল সে। শনিবার কলরাডোর অরোরা শহরতলীর পুলিশ প্রধান ড্যান ওয়েটস একথা জানান। দুইদিন চেষ্টা চালানোর পর ওই দিন হোমসের অ্যপার্টমেন্টে ঢুকতে সক্ষম হয় পুলিশ। ওয়েটস বলেন, “গত চারমাস ধরে হোমসের কর্মস্থল ও বাড়ির ঠিকানায় অনেক বিস্ফোরক ও অস্ত্রশস্ত্র এসেছে। এছাড়া দীর্ঘদিন ধরে সে এসব নাশকতার পরিকল্পনা করছিল বলেও প্রমাণ পেয়েছি আমরা।” পুুলিশ জানায়, এসব অস্ত্র বৈধভাবে গত ৬০ দিনে তিনটি এলাকার বন্দুকের দোকান থেকে সংগ্রহ করে হোমস। এছাড়া অনলাইনে মেশিনগানের ড্রাম ম্যাগাজিনসহ ৬ হাজার রাউন্ড গুলি কিনেছে সে। শুক্রবার ভোররাতে কলারোডা অঙ্গরাজ্যের ডেনভারের অরোরা শহরতলীর এক সিনেমা হলে ব্যাটম্যান সিরিজের ‘দ্য ডার্ক নাইট রাইজেস’ এর প্রিমিয়ার শো চলার সময় গ্যাস মাস্ক পরা এক ব্যক্তির গুলিতে ১২জন নিহত ও ৫৮ জন আহত হয়। সিনেমা হলে ঢুকে কাঁদানে গ্যাস ছুঁড়ে নির্বিচার গুলি চালায় হামলাকারী। শনিবার সন্ধ্যায় নিহতদের পরিচয় প্রকাশ করা হয়েছে। নিহতদের বয়স ৬ থেকে ৫১ বছরের মধ্যে। তবে ২০ বছর বয়সীর সংখ্যাই বেশি। ঘটনার কিছুক্ষণের মধ্যেই সিনেমা হলের পার্কিং এলাকা থেকে হোমসকে আটক করে পুলিশ। আটকের পরপরই তার অ্যাপার্টমেন্টে তল্লাশি চালাতে যায় পুলিশ। কিন্তু অ্যাপার্টমেন্টটির বিভিন্ন স্থানে গান পাউডারে পূর্ণ প্রায় ৩০টি গোলা ছড়িয়ে ছিটিয়ে রাখা ছিলো। তার দিয়ে পেঁচানো এসব গোলার নিয়ন্ত্রণ বাক্সটি ছিলো অ্যাপার্টমেন্টটির রান্নাঘরে। এছাড়া দাহ্য পদার্থে পূর্ণ দুটি কন্টেইনারও ছিলো সেখানে। এসব কারণে ওই অ্যাপার্টমেন্টে প্রবেশে পুলিশের দুইদিন সময় লেগে যায়। দূরনিয়ন্ত্রিত রোবট ব্যবহার করে তারগুলোকে নিষ্ক্রিয় করে বোমা বিশেষজ্ঞরা কন্ট্রোল বক্সের কাছে একটা ‘ওয়াটার শট’ স্থাপন করে। এরপর কন্ট্রোল বক্সকে নিষ্ক্রিয় করতে ওয়াটার শটের বিস্ফোরণ ঘটিয়ে বিস্ফোরকগুলো নিষ্ক্রিয় করতে সক্ষম হয় তারা। দুইদিন পর অ্যাপার্টমেন্টটিতে প্রবেশ করে পুলিশ। এর আগে পুলিশ হোমসের অ্যাপার্টমেন্টের কাছে অবস্থিত পাঁচটি ভবন থেকে লোকজনকে সরিয়ে নিয়ে অ্যাপার্টমেন্টের চারপাশে নিরাপদ বেষ্টনী তৈরি করে। কর্তৃপক্ষ জানিয়েছে, অ্যাপার্টমেন্টে পাওয়া সব প্রমানই সতর্কতার সঙ্গে সংগ্রহ করছে তার। নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে রোববার ঘটনাস্থল পরিদর্শনের কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এবি/১৫০৫ ঘ.