২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নামিবিয়ায় মাটির নিচে বিশাল জলাধার

সাব-সাহারান আফ্রিকার সবচেয়ে শুষ্ক দেশ নামিবিয়ায় মাটির নিচে বিশাল পানির উৎসের খোঁজ পাওয়া গেছে। এটি দেশটির উন্নয়নে খুবই সহায়ক হবে বলে ধারণা করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2012, 02:42 PM

Updated : 24 Aug 2022, 11:46 AM

উইনধোক, নামিবিয়া, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাব-সাহারান আফ্রিকার সবচেয়ে শুষ্ক দেশ নামিবিয়ায় মাটির নিচে বিশাল পানির উৎসের খোঁজ পাওয়া গেছে। এটি দেশটির উন্নয়নে খুবই সহায়ক হবে বলে ধারণা করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, বর্তমান চাহিদা অনুযায়ী আগামী ৪০০ বছর পর্যন্ত দেশটির উত্তরাঞ্চলের পানির চাহিদা মেটাতে পারবে এই জলাধার। উৎসটি প্রায় ১০ হাজার বছরের পুরনো, কিন্তু পানের জন্য অনেক আধুনিক উৎসের চেয়ে এর পানি বেশি পরিস্কার বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। তবে অনুমোদনহীন পানি উত্তোলন নতুন উৎসের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। ওই অঞ্চলের ৮ লাখ মানুষ সুপেয় পানির জন্য অ্যাঙ্গোলার সীমান্তবর্তী ৪০ বছরের পুরানো একটি খালের ওপর নির্ভরশীল। জার্মানি ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর গবেষকদের সহায়তায় প্রয়োজনীয় পানির যোগান নিশ্চিত করতে এক দশক ধরে কাজ করে যাচ্ছে নামিবিয়া সরকার। সেই প্রচেষ্টার ফল হিসাবে বর্তমান জলাধারটি আবিস্কৃত হয়েছে যার নাম দেওয়া হয়েছে ‘ওহাংয়েনা টু’। ৭০ কিলোমিটার দীর্ঘ জলাধারটির অবস্থান অ্যাঙ্গোলা ও নামিবিয়ার সীমান্ত এলাকায়। এর মধ্যে ৪০ কিলোমিটার রয়েছে নামিবিয়া সীমানায়। প্রকল্প ব্যবস্থাপক ও ‘জার্মান ফেডারেল ইন্সটিটিউট ফর জিয়োসায়েন্স এন্ড ন্যাচারাল রিসোর্সেসে’র বিজ্ঞানী মার্টিন কুইঞ্জার বলেছেন, এটি বেশ বড় ও গুরুত্বপূর্ণ পানির উৎস। আর এ উৎস ওই এলাকায় কৃষি কাজের ধরণ পাল্টে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০২৮ঘ.