২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ইসরায়েলি পর্যটক বাসে হামলা আত্মঘাতী’

ইসরায়েলি পর্যটকবাহী বাসে আত্মঘাতী হামলা হয়েছে বলে দাবি করেছেন বুলগেরিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী। বুধবার বুলগেরিয়ার বুরগাস এয়ারপোর্টের ওই হামলায় সাত জন নিহত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2012, 09:49 AM

Updated : 24 Aug 2022, 11:46 AM

বুরগাস, বুলগেরিয়া, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইসরায়েলি পর্যটকবাহী বাসে আত্মঘাতী হামলা হয়েছে বলে দাবি করেছেন বুলগেরিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী। বুধবার বুলগেরিয়ার বুরগাস এয়ারপোর্টের ওই হামলায় সাত জন নিহত হয়। বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রী টেসভেটান টেসভেটানভ জানান, হামলাটি চালিয়েছে এক আত্মঘাতী বোমা হামলাকারী। ভিডিও ফুটেজে তাকে অন্যান্য পর্যটকদের একজন বলেই মনে হচ্ছিল। হামলার জন্য ইরান সমর্থিত হিজবুল্লাহ জঙ্গিদের দায়ী করেছে ইসরায়েল। তবে হামলার সঙ্গে কোনো ধরণের সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করেছে ইরান। ভিডিও ফুটেজে বোমা বিস্ফোরণের আধঘন্টা আগে হামলাকারীকে পর্যটকদের জন্য দাঁড়িয়ে থাকা বাসগুলোর চারদিকে ঘুরতে দেখা গেছে। ইসরায়েলি পর্যটকদের বিমানবন্দরের কাছে একটি পর্যটন অবকাশ কেন্দ্রে নেওয়ার জন্য বাসগুলো রাখা হয়েছিল। “এ হামলার জন্য দায়ী ব্যক্তিকে আমরা শনাক্ত করেছি। সে একজন আত্মঘাতী হামলাকারী। যুক্তরাষ্ট্র থেকে সে একটি ভুয়া ড্রাইভিং লাইসেন্স যোগাড় করে। তাকে দেখতে অন্যান্য পর্যটকদের মতোই লাগছিল।” বলেন টেসভেটানভ। হামলার মাত্র চার থেকে সাতদিন আগে ৩৬ বছর বয়সী ওই হামলকারী বুলগেরিয়ায় আসে বলে জানান তিনি। নিরাপত্তা বাহিনীর বিশেষ শাখা হামলাকারীর ডিএনএ নমুনা সংগ্রহ করে তার পরিচয় বের করার চেষ্টা করছে বলেও জানিয়েছেন তিনি। বোমা বিস্ফোরণে আত্মঘাতী হামলাকারী ও বাসের ড্রাইভারসহ মোট সাতজন নিহত হন। যাদের পাঁচজন ইসরায়েলি নাগরিক। একটি ভাড়া বিমানে ইসরায়েল থেকে বুলগেরিয়ার বুরগাস বিমানবন্দরে এসে নেমেছিলেন এই পর্যটকরা। বুরগাস বিমানবন্দর বুলগেরিয়ার কৃষ্ণ সাগর তীরবর্তী এলাকার প্রবেশ দ্বার হিসেবে পরিচিত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৫৪৪ঘ.