২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লেবানন সীমান্তে সিরীয় শরণার্থী ৩০ হাজার: জাতিসংঘ

সিরিয়ায় সরকার-বিদ্রোহী লড়াই তীব্রতর হতে থাকায় প্রতিবেশী দেশগুলোতে শরণার্থীর ঢল নেমেছে। লেবানন সীমান্তে সিরীয় শরণার্থীর সংখ্যা ৩০ হাজারে দাঁড়িয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2012, 03:48 PM

Updated : 24 Aug 2022, 11:46 AM

বৈরুত, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ায় সরকার-বিদ্রোহী লড়াই তীব্রতর হতে থাকায় প্রতিবেশী দেশগুলোতে শরণার্থীর ঢল নেমেছে। লেবানন সীমান্তে সিরীয় শরণার্থীর সংখ্যা ৩০ হাজারে দাঁড়িয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) জানায়, গত ৪৮ ঘণ্টায় লেবানন সীমান্তে ৩০ হাজার সিরীয় শরণার্থী পালানোর খবর পেয়েছে তারা। জর্ডান, তুরস্ক এবং ইরাকে দলে দলে পালাচ্ছে আরো শরণার্থী। ইউএনএইচসিআর এর প্রধান মুখপাত্র মেলিসা ফ্লেমিং জেনেভায় শুক্রবার এক সংবাদ ব্রিফিং এ বলেন, “গত ৪৮ ঘণ্টায় ৮ হাজার ৫শ থেকে ৩০ হাজার সিরীয় শরণার্থী লেবানন সীমান্তে পালিয়ে যাওয়ার খবর পেয়েছেন তারা।” তিনি বলেন, “সিরিয়া সীমান্ত খোলা। লোকজন জর্ডান, তুরস্কে পালাচ্ছে। লেবানন এবং ইরাকেও দলে দলে যাচ্ছে মানুষ। গত কয়েক দিনে সিরিয়া থেকে ৮০ টি বাসে করে ইরাকি শরণার্থীরা পালিয়ে ইরাকে ঢুকেছে।” “আমরা এও শুনেছি যে, ইরাকের দুটো বিমান দামেস্কে গিয়ে তাদের নাগরিকদের নিয়ে গেছে,” বলেন ফ্লেমিং। সিরিয়ায় ১৬ মাসের লড়াই-সংঘর্ষে ইরাক, লেবানন, জর্ডান ও তুরস্কে পালিয়ে যাওয়া নিবন্ধিত মোট শরণার্থীর সংখ্যা ১ লাখ ২০ হাজার বলে সর্বসা¤প্রতিক হিসাবে জানিয়েছে ইউএনএইচসিআর। এর বাইরেও দিন দিন আরো শরণার্থী এসব দেশে প্রবেশ করছে। গত ৪ দিনে জর্ডানে পৌঁছেছে ২৫শ’ মানুষ। গত ২৪ ঘণ্টায় ইরাকে গেছে ৩ হাজারেরও বেশি সিরীয়। জাতিসংঘ শরণার্থী সংস্থার আঞ্চলিক শরণার্থী বিষয়ক সমন্বয়ক পানোস মমতিস সাংবাদিকদের বলেছেন, এ সপ্তাহের শুরুর দিকে দিনে ৭শ’ সিরীয় দেশ ছেড়ে পালিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১৩৪ঘ.