২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাক্কানি গোষ্ঠীকে সন্ত্রাসী তালিকাভুক্ত করার আহ্বান

পাকিস্তান ভিত্তিক হাক্কানি নেটওয়ার্ককে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্র কংগ্রেসের প্রতিনিধি পরিষদের সদস্যরা। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি এই আহ্বান জানিয়েছেন তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2012, 07:29 AM

Updated : 24 Aug 2022, 11:46 AM

ওয়াশিংটন, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তান ভিত্তিক হাক্কানি নেটওয়ার্ককে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্র কংগ্রেসের প্রতিনিধি পরিষদের সদস্যরা। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি এই আহ্বান জানিয়েছেন তারা। মঙ্গলবার প্রতিনিধি পরিষদের সদস্যদের এক কণ্ঠভোটে প্রস্তাবটি অনুমোদিত হয়। প্রস্তাবে হাক্কানি নেটওয়ার্ককে “পূর্ব আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর বিরুদ্ধে যুদ্ধরত সবচেয়ে বিপদজনক বিদ্রোহী গোষ্ঠী” হিসেবে চিহ্নিত করা হয়। গত সেপ্টেম্বরে কাবুলের যুক্তরাষ্ট্র দূতাবাসে হামলা ও এর আগে এক ট্রাক বোমা হামলায় যুক্তরাষ্ট্রের কয়েক ডজন সেনা নিহত হওয়ার ঘটনায় হাক্কানি নেটওয়ার্ককে দায়ী করেছে যুক্তরাষ্ট্র। এসব অভিযোগ সত্বেও জঙ্গি এই গোষ্ঠীটিকে যুক্তরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিদেশি সন্ত্রাসী সংগঠনের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি। এর কারণ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তার ধারণা সরকার ও বিদ্রোহীদের মধ্যে চলমান আফগান শান্তি আলোচনার অংশ হিসেবে যুদ্ধক্ষেত্র ছেড়ে যাবে হাক্কানি গোষ্ঠী। হাক্কানি নেটওয়ার্কের বিভিন্ন বেপরোয়া অভিযানের পেছনে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) মদদ যুগিয়েছে বলে অভিযোগ যুক্তরাষ্ট্রের। তবে এ অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান। বিষয়টি নিয়ে বিতর্কে যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মিত্রতা ক্ষতিগ্রস্ত হয়েছে। ১৯৮০ সালে আফগানিস্তানে সোভিয়েতবিরোধী যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (সিআইএ)‘র প্রত্যক্ষ তত্ত্বাবধানে জঙ্গি এ গোষ্ঠীটির জন্ম হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৩২৬ ঘ.