ঢাকা, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেআইনীভাবে একজন জ্যেষ্ঠ বিচারককে গ্রেপ্তার করার আদেশ দেওয়ার জন্য অভিযুক্ত হয়েছেন মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ।
রোববার নাশিদের বিরুদ্ধে অভিযোগটি গঠন করা হয় বলে জানিয়েছে বিবিসি অনলাইন।
গণতান্ত্রিকভাবে নির্বাচিত মালদ্বীপের প্রথম প্রেসিডেন্ট ছিলেন নাশিদ। কিন্তু গত ফেব্র“য়ারিতে ক্ষমতা থেকে জোর করে সরানো হয় তাকে। ক্ষমতা তুলে দেওয়া হয় তার ডেপুটি মোহাম্মদ ওয়াহেদের হাতে।
অভ্যুত্থানের মাধ্যমে তাকে ক্ষমতা থেকে সরানো হয়েছে বলে অভিযোগ করেছেন নাশিদ। কিন্তু তার অভিযোগ অস্বীকার করেছেন প্রেসিডেন্ট ওয়াহেদ ও নিরাপত্তা বাহিনী।
আগামী ২০১৩’র জুলাইয়ে পরবর্তী জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন ওয়াহেদ।
জানুয়ারিতে রাজনৈতিক প্রভাব বিস্তার ও দুর্নীতির অভিযোগে দেশের ফৌজদারি আদালতের প্রধান বিচারককে গ্রেপ্তার করতে সেনাবাহিনীকে নির্দেশ দেন তৎকালীন প্রেসিডেন্ট নার্শিদ।
কিন্তু বিচারককে আটকের পর দেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে। ওই পরিস্থিতিতে পদত্যাগ করতে বাধ্য হন প্রেসিডেন্ট নাশিদ।
মালদ্বীপের রাজধানী মালে থেকে বিবিসির প্রতিনিধি জানিয়েছেন, মালদ্বীপে রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। এক সপ্তাহ ধরে প্রতি রাতে পুলিশের সঙ্গে নাশিদের মালদ্বীপিয়ান ডেমক্রেটিক পার্টি (এমডিপি)’র আন্দোলনাকারীদের সংঘাত হচ্ছে। নতুন নির্বাচনের দাবী করছে আন্দোলনকারীরা।
আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে লাঠি ও মরিচের গুড়ার ¯েপ্র ব্যবহার করছে পুলিশ। পুলিশের সঙ্গে সংঘর্ষে এমডিপি’র কয়েকজন সদস্য আহত হয়েছেন। দলটির কয়েকশ’ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪২০ ঘ.
bdnews24