২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘রাসায়নিক অস্ত্র ব্যবহার করতে দ্বিধা করবে না সিরিয়া’

কোণঠাসা হয়ে পড়লে সিরিয়ার বাশার আল আসাদ সরকার রাসায়নিক অস্ত্র ব্যবহারে দ্বিধা করবে না বলে জানিয়েছেন দেশটির সরকারপক্ষ ত্যাগকারী সর্বজ্যেষ্ঠ রাজনীতিবিদ নওয়াফ ফারেস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2012, 06:46 AM

Updated : 24 Aug 2022, 11:45 AM

ঢাকা, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কোণঠাসা হয়ে পড়লে সিরিয়ার বাশার আল আসাদ সরকার রাসায়নিক অস্ত্র ব্যবহারে দ্বিধা করবে না বলে জানিয়েছেন দেশটির সরকারপক্ষ ত্যাগকারী সর্বজ্যেষ্ঠ রাজনীতিবিদ নওয়াফ ফারেস। বিবিসি কে দেওয়া এক সাক্ষাৎকারে এ আশঙ্কার কথা প্রকাশ করেন ইরাকে নিযুক্ত সিরিয়ার সাবেক রাষ্ট্রদূত ফারেস। তিনি বলেন, অনিশ্চিত বিভিন্ন প্রতিবেদনে ইঙ্গিত পাওয়া গেছে এ ধরনের অস্ত্র সম্ভবত ব্যবহার করা হয়েছে। তিনি আরো বলেন, সিরিয়ার বিভিন্ন জায়াগায় চালানো বড় বড় বোমা হামলাগুলো সরকারী পরিকল্পনায় আল কায়েদার সহযোগিতায় চালানো হয়েছে। রাসায়নিক অস্ত্রের একটি উলে¬খযোগ্য মজুদ সিরিয়ার আছে। সরকারের পতন হলে এই অস্ত্রগুলোর ভবিষ্যৎ কী হবে তা নিয়ে সিরিয়ার প্রতিবেশী দেশগুলোসহ পশ্চিমা দেশগুলো উদ্বিগ্ন হয়ে আছে। বিরোধীদের বিরুদ্ধে প্রেসিডেন্ট আসাদ রাসায়নিক অস্ত্র ব্যবহার করতে পারেন কিনা প্রশ্ন করা হলে ফারেস জানান তিনি এ সম্ভবনা উড়িয়ে দিচ্ছেন না। এ সময় প্রেসিডেন্ট আসাদকে তিনি “কোণঠাসা আহত নেকড়ে” বলে বর্ণনা করেন। “এ বিষয়ে তথ্য আছে, অবশ্যই অনিশ্চিত তথ্য, হমসে কোথাও কোথাও রাসায়নিক অস্ত্র ব্যবহার করা হয়েছে,” বলেন তিনি। সিরিয়ার শিয়া মুসলিম সরকারকে সুন্নি মুসলিমদের জঙ্গি সংগঠন আল কায়েদা সহযোগিতা করছে এ অভিযোগ করে তিনি বলেন, এতে অনেকেই আশ্চর্য হবে। নিজের বক্তব্যের স্বপক্ষে তিনি বলেন, “ইতিহাসে এ রকম অনেক নজির আছে, উদ্দেশ্য মিলে গেলে শত্রুরাও পরস্পরের সহযোগী হয়ে পড়ে।” নতুন করে অবস্থান তৈরির জন্য আল কায়েদা জায়গা ও সমর্থন খুঁজছে আর সিরিয়া সরকার দেশের মানুষকে ভীত করার রাস্তা খুঁজছে, এই জায়গায় দুপক্ষের মধ্যে সমঝোতা হয়েছে বলে মনে করেন ফারেস। গত ১৭ মাস ধরে চলা সিরিয়ার সরকার বিরোধী আন্দোলন-বিদ্রোহে প্রেসিডেন্ট আসাদের পক্ষত্যাগী সবচেয়ে গুরুত্বপূর্ণ সিরীয় রাজনীতিবিদ হচ্ছেন ফারেস। তিনি সিরিয়ার ক্ষমতাসীন বার্থ পার্টির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন। এছাড়া দেশটির শক্তিশালী নিরাপত্তা বিভাগেও ছিলেন । তিনি বিভিন্ন সময় সিরিয়ার কয়েকটি প্রদেশের গভর্নর হিসেবেও দায়িত্বপালন করেছেন। এদিকে, সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণাংশের কয়েকটি এলাকায় সাঁজোয়া যান মোতায়েন করা হয়েছে । বিদ্রোহী বাহিনী ও সরকারি সেনাদের মধ্যকার সংঘর্ষ আরো ব্যাপক এলাকা জুড়ে ছড়িয়ে পড়ছে। দক্ষিণাঞ্চলীয় মিদান এলাকায় সাঁজোয়া যান টহল দিচ্ছে। বিভিন্ন ভবনের ছাদগুলোতে অবস্থান নিয়েছে সরকারপক্ষীয় গুপ্ত বন্দুকধারীরা। সিরিয়ায় ১৬ মাসের আন্দোলন-বিক্ষোভে রাজধানীতে এটাই সবচেয়ে বেশি সামরিক যান ও সেনা সমাবেশ বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। ওদিকে, জাতিসংঘ-আরব লিগের শান্তিদূত কফি আনান দুদিনের এক সফরে মস্কো পৌঁছেছেন। সিরিয়া বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ­¬াদিমির পুতিনের সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে। কফি আনানের রাশিয়া সফরও নিস্ফল হবে বলে মন্তব্য করেছেন ফারেস। কয়েক মাস পার হলেও আনানের শান্তি পরিকল্পনার একটি ধারাও সিরিয়া সরকার বাস্তবায়ন করেনি বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১২৪৫ ঘ.