২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফ্রিকান ইউনিয়ন কমিশনের প্রথম নারী প্রধান দালমিনি

আফ্রিকান ইউনিয়নের প্রশাসনিক বিভাগ আফ্রিকান ইউনিয়ন কমিশনের প্রধান নির্বাচিত হয়েছেন দক্ষিণ আফ্রিকার স্বরাষ্ট্রমন্ত্রী এঙ্কোসাজানা দালমিনি জুমা। পদটিতে নির্বাচিত প্রথম নারী তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2012, 07:57 AM

Updated : 24 Aug 2022, 11:45 AM

আদ্দিস আবাবা, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফ্রিকান ইউনিয়নের প্রশাসনিক বিভাগ আফ্রিকান ইউনিয়ন কমিশনের প্রধান নির্বাচিত হয়েছেন দক্ষিণ আফ্রিকার স্বরাষ্ট্রমন্ত্রী এঙ্কোসাজানা দালমিনি জুমা। পদটিতে নির্বাচিত প্রথম নারী তিনি। তিন দফা ভোটাভুটির পর রোববার চূড়ান্ত ভোটে ৬০ শতাংশ ভোট পেয়ে তিনি নির্বাচিত হন। প্রতিদ্বন্দ্বী বিদায়ী প্রধান গ্যাবনের জিন পিংয়ের স্থলাভিষিক্ত হবেন তিনি। আফ্রিকান ইউনিয়নের ৬৪টি সদস্য রাষ্ট্রের মধ্যে ৩৭টি রাষ্ট্র দালমিনির পক্ষে ভোট দেয়। ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় ইউনিয়নের সদর দপ্তরে সদস্য রাষ্ট্রগুলোর প্রধানদের এক শীর্ষ সম্মেলনের পর ভোটাভুটি অনুষ্ঠিত হয়। দালমিনির জয়ের মাধ্যমে জানুয়ারি থেকে আফ্রিকান ইউনিয়ন কমিশনে বিরাজ করা অচলাবস্থার অবসান হলো। গত জানুয়ারিতে প্রধান নির্বাচনে এক দফা ভোটাভুটির পর থেকে কমিশনে অচলাবস্থা বিরাজ করছিল। কমিশনের প্রধান পদের নির্বাচন নিয়ে আফ্রিকার ফ্রেঞ্চভাষী রাষ্ট্রগুলোর সঙ্গে অন্যান্য রাষ্ট্রের বিরোধ দেখা দিয়েছিল। এতে আফ্রিকান ইউনিয়নে বিভাজন তৈরির সম্ভবনা সৃষ্টি হয়েছিল যা প্রতিষ্ঠান হিসেবে সংস্থাটিকে দুর্বল করে তুলতো। নির্বাচনে ফ্রেঞ্চভাষী রাষ্ট্রগুলো পিংয়ের পক্ষ নিয়েছিল। এঙ্কোসাজানা দালমিনি (৬৩) দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমার সাবেক স্ত্রী। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের আগে তিনি স্বাস্থ্যমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। কমিশনের প্রধান হিসেবে দালমিনিকে মালি সঙ্কট, গিনি-বিসাউয়ে সেনাবাহিনীর অভ্যূত্থান প্রচেষ্টা এবং সুদান ও দক্ষিণ সুদানের সীমান্ত বিরোধ সমস্যার মোকাবিলা করতে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/১৩৫২ ঘ.