জেদ্দা, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সামাজিক গণমাধ্যমসহ যেকোন ক্ষেত্রে ইসলাম ধর্ম অবমাননার ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে নতুন এক আইন প্রণয়নের বিষয়ে বিবেচনা করছে সৌদি আরব।
আইনটি প্রণীত হলে এটি লঙ্ঘণের জন্য কঠোর শাস্তি দেওয়া হতে পারে।
রোববার দেশটির আল-ওয়াতান সংবাদপত্র একথা জানায়।
অজ্ঞাতসূত্রের বরাত দিয়ে সংবাদপত্রটি জানায়, “ইসলামি শরিয়ার সমালোচনা মোকাবিলায় আইন প্রণয়নের বিষয়টি পর্যালোচনার বিষয়ে আগামী দুই মাসের মধ্যে জানাবে শুরা কাউন্সিল।”
এক্ষেত্রে কঠোর শাস্তির বিধান রাখা হতে পারে বলেও জানিয়েছে তারা।
প্রতিবেদনটিতে আরো বলা হয়, “গত কয়েক মাসে ইন্টারনেটের সামাজিক যোগাযোগ নেটওয়ার্কে ইসলামি শরিয়ার সমালোচনা লক্ষ করা গেছে। তাই এ আইন প্রণয়ন জরুরি।”
দেশটির বিশ্লেষক জামাল খাশোগি বলেন, এ আইনের জন্য জনসাধারণের মতামত প্রয়োজন।
সরকারের নিয়োগপ্রাপ্ত পরামর্শক সংস্থা শুরা কাউন্সিলের মুখপাত্র এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
হযরত মোহাম্মাদ (সাঃ) কে অবজ্ঞা করার কথিত অভিযোগে সৌদির ব্লগার ও কলাম লেখক হামজা কাশগারিকে (২৩) আটকের পাঁচ মাস পর সম্ভাব্য আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হলো।
টুইটারে মন্তব্য প্রকাশের কয়েকদিন পর দেশ ছেড়ে পালিয়ে যান কাশগারি। পরে তাকে নিউজিল্যান্ড যাওয়ার পথে মালয়েশিয়া থেকে গ্রেপ্তার করে সৌদি আরবে ফেরত পাঠানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৩০০ ঘ.
bdnews24