ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-ভারতে প্রেসিডেন্ট নির্বাচনের তিনদিন আগে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জির কাছে সমর্থন চেয়ে চিঠি লিখেছেন ইউপিএ জোটের মনোনীত প্রার্থী প্রণব মুখার্জি।
‘দ্য টাইমস অব ইণ্ডিয়া’র খবরে বলা হয়েছে, রোববার এ চিঠি পাওয়ার কথা জানিয়ে ফেইসবুকের পাতায় তা পোস্ট করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা। যদিও চিঠিতে তারিখ দেওয়া আছে ২ জুলাই।
চিঠিতে প্রণব লেখেন, প্রেসিডেন্ট রাজনীতির উর্ধ্বে। সুযোগ পেলে এ পদের মূল্যবোধসহ সংবিধানের মূলমন্ত্র রক্ষা করে চলারই চেষ্টা করবেন তিনি।
“আমাকে নির্বাচনের কোনো অর্থ থেকে থাকলে তা হবে আমাদের দেশ আর জনসেবার সেই একই লক্ষ্যেই। আর দেশসেবার সেই স্পৃহা থেকেই আমি এ নির্বাচনে আপনার মূল্যবান সমর্থন চাইছি”, লেখেন প্রণব।
ইউপিএ জোট তাকে প্রেসিডেন্ট পদের জন্য প্রার্থী মনোনীত করায় সম্মানিত বোধ করছেন বলেও জানান প্রণব।
প্রণবের প্রতিদ্বন্দ্বী প্রার্থী পিএ সাংমা যখন ১৮ টি রাজনৈতিক দলসহ আরো অনেকেরই সমর্থন আছে বলে দাবি করছেন ঠিক সে সময়টিতেই মমতার কাছে এ সমর্থন চাইলেন তিনি।
মমতা এখনো কোনো প্রেসিডেন্ট পদপ্রার্থীর প্রতি তার দলের সমর্থন ঘোষণা করেননি।
সংযুক্ত প্রগতিশীল মোর্চা ইউপিএ জোট প্রণবকে মননোয়ন দেওয়ার পর মমতা তার পরিবর্তে এ পি জে আব্দুল কালামকে প্রেসিডেন্ট পদে প্রার্থী করার পক্ষপাতি ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১২২ঘ.
bdnews24