২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওবামা একজন ভালো মানুষ: শ্যাভেজ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে নয়, ব্যক্তি হিসেবে বারাক ওবামাকে একজন ‘ভালো মানুষ’ বলে মনে করেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2012, 07:11 AM

Updated : 24 Aug 2022, 11:44 AM

কারাকাস, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে নয়, ব্যক্তি হিসেবে বারাক ওবামাকে একজন ‘ভালো মানুষ’ বলে মনে করেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ। শুক্রবার ভেনিজুয়েলার এক টেলিভিশন চ্যানেলের সঙ্গে দেওয়া সাক্ষাৎকারে শ্যাভেজ এ মন্তব্য করেন। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী মিট রমনির একটি অভিযোগের জবাব দেন শ্যাভেজ। মিট রমনি ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি উল্লেখ করে বলেছিলেন এ বিষয়ে ওবামা যথেষ্ট মনোযোগ দিচ্ছেন না। সাক্ষাৎকারে রমনির অভিযোগ সরাসরি বাতিল করে দিয়ে শ্যাভেজ বলেন, “ভেনেজুয়েলা কারো জন্য কোনো হুমকি নয়।” ওবামা ও শ্যাভেজ দুইজনই চলতি বছরে নিজ নিজ দেশের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী। বিষয়টি উল্লেখ করে শ্যাভেজ বলেন, “নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন ওবামা। তিনি একজন প্রার্থী। আমি মনে করি প্রেসিডেন্টের ভূমিকা ছাড়া বারাক ওবামা একজন ভালো মানুষ।” ভেনেজুয়েলার প্রেসিডেন্ট শ্যাভেজ যুক্তরাষ্ট্রের একজন কঠোর সমালোচক। নিউইয়র্কে জাতিসংঘের অধিবেশনে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশকে তিনি ‘শয়তান’ বলে অভিহিত করেছিলেন। সমাজতন্ত্রী হুগো শ্যাভেজকেও ভালো চোখে দেখে না যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্রবিরোধী হিসেবে পরিচিত কিউবা ও ইরান ভেনেজুয়েলার ঘনিষ্ঠ মিত্র। তবে ২০০৯ সালে ওবামা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর দু’দেশের সম্পর্কের বরফ গলার সম্ভাবনা সৃষ্টি হয়েছিল। “সাম্রাজ্যবাদী যুক্তরাষ্ট্রের” সমালোচনা কমিয়ে দিয়েছিলেন শ্যাভেজ এবং এক শীর্ষ সম্মেলনে ওবামার সঙ্গে করমর্দনও করেছিলেন। কিন্তু একমাস পরই ওবামা পূর্ববর্তী বুশের পররাষ্ট্রনীতি অনুসরণ করছেন অভিযোগ করে আবারও যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা শুরু করেন শ্যাভেজ। সাক্ষাৎকারে ওবামার সঙ্গে করমর্দনের ওই ঘটনার কথা উল্লেখ করে শ্যাভেজ বলেন, “ওই করমর্দন করার পর থেকে ওবামার সঙ্কটের শুরু। তারা তার ওপর ঝাঁপিয়ে পড়ে, বলে ওবামা সমাজতন্ত্রী, কম্যুনিস্ট ইত্যাদি। এরপর থেকেই ওবামার বিরুদ্ধে ব্যক্তিগত শত্র“তা শুরু হয়ে যায়, আর তাকে যে কোনো উপায়ে হোয়াইট হাউজ থেকে বের করে দেওয়ার চেষ্টা শুরু হয়।” ভেনেজুয়েলার আগামী প্রেসিডেন্ট নির্বাচনে তৃতীয়বারের মতো প্রতিদ্বন্দ্বিতা করছেন শ্যাভেজ। গত বছর কিউবায় ক্যান্সার আক্রান্ত শ্যাভেজের দেহে তিনবার অস্ত্রোপচার করা হয়। বর্তমানে নিজেকে সম্পূর্ণ সুস্থ বলে দাবি করেছেন তিনি। আর যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামা ডেমক্রেটিক পার্টির পক্ষ থেকে দ্বিতীয় বারের মতো প্রেসিডেন্ট হওয়ার জন্য প্রচারণা চালাচ্ছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৩০৬ ঘ.