২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ত্রেমসেহ’র ঘটনা সশস্ত্র সংঘর্ষ: সিরিয়া

ত্রেমসেহ গ্রামে গত বৃহস্পতিবার যা ঘটেছে তা নৃশংস হত্যাকাণ্ড নয় বরং শসস্ত্র সংঘর্ষ ছিল বলে দাবি করেছে সিরিয়া। ওই ঘটনায় ভারী অস্ত্র ব্যবহারের জাতিসংঘের দাবিও সিরিয়া নাকচ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2012, 04:46 AM

Updated : 24 Aug 2022, 11:44 AM

ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ত্রেমসেহ গ্রামে গত বৃহস্পতিবার যা ঘটেছে তা নৃশংস হত্যাকাণ্ড নয় বরং শসস্ত্র সংঘর্ষ ছিল বলে দাবি করেছে সিরিয়া। ওই ঘটনায় ভারী অস্ত্র ব্যবহারের জাতিসংঘের দাবিও সিরিয়া নাকচ করেছে। বিদ্রোহীরা ত্রেমসেহ গ্রামে ওই সহিংসতায় দুইশ’ জনের মৃত্যু হয়েছে বলে দাবি করলেও সিরিয়া সরকারের ভাষ্য, এতে নিহত হয়েছে মাত্র ৩৭ জন। জাতিসংঘ পর্যবেক্ষকরা ঘটনাটি খতিয়ে দেখতে শনিবার ত্রেমসেহ পরিদর্শন করার পর তদন্ত চালিয়ে যেতে রোববার আবার সেখানে যান। এর আগে প্রাথমিকভাবে গ্রামটি পরিদর্শনের পর পর্যবেক্ষকরা জানান, হামলায় ভারী অস্ত্র ব্যবহার করা হয়েছে এ ব্যাপারে তারা নিশ্চিত। কিন্তু সিরিয়া এ দাবি উড়িয়ে দিয়ে বলেছে, অভিযানে কেবল সেনাবাহী যান আর ক্ষুদ্রাস্ত্রই ব্যবহার করা হয়েছে। ঘটনাটি নিয়ে ‘তাড়াহুড়ো’ করে মন্তব্য করার জন্য জাতিসংঘ-আরব লিগ দূত কফি আনানের বিরুদ্ধে অভিযোগ করেছে সিরিয়া। ওদিকে, জাতিসংঘ তদন্তের প্রাথমিক তথ্য-উপাত্তে ত্রেমসেহর ঘটনায় বেসামরিক মানুষ হতাহতের ঘটনার বৈশাদৃস্য ধরা পড়েছে। ঠিক কতজন নিহত হয়েছে, তারা কে ছিল এবং কারা হত্যাযজ্ঞ চালিয়েছে তা নিশ্চিত হতে পারেন নি পর্যবেক্ষকরা। তবে বিদ্রোহী ও পক্ষত্যাগী সেনারা হামলার লক্ষ্য ছিল বলেই ধারণা করছেন তারা। বিবিসি সংবাদদাতারা বলছেন, দু’মাস আগে হউলা হত্যাযজ্ঞের সঙ্গে এবারের পরিস্থিতির মিল নেই। ওই ঘটনার সময় পর্যবেক্ষকরা দ্রুতই ঘটনাস্থলে পৌঁছানোসহ মৃতদেহ গুনতে পেরেছিলেন এবং সে ঘটনা পরিস্কারভাবেই হত্যাকাণ্ড ছিল। কিন্তু এবারের ঘটনায় ত্রেমসেহ গ্রামে পৌঁছতে ৪৮ ঘন্টা দেরী হয়েছে। এতে অনেক আলামতই নষ্ট হয়ে যাওয়ায় পরিস্থিতি পরিস্কার বোঝা যাচ্ছে না। ফলে আবার গ্রামটিতে যেতে হয়েছে পর্যবেক্ষকদেরকে। গ্রামটিতে ইতোমধ্যেই পর্যবেক্ষকরা দেখেছেন রক্ত, আগুনে পোড়া ঘরবাড়ি ও গোলার আঘাতের চিহ্ন। তারা জানান, তারা আগুনে পোড়া একটি স্কুল ও গোলাবর্ষণে ক্ষতিগ্রস্ত বাড়ি দেখেছেন। “দেখে মনে হয়েছে ত্রেমসেহে বাহিনী ত্যাগ করা সেনা ও আন্দোলনকারীদের নির্দিষ্ট গোষ্ঠী ও বাড়ি লক্ষ্য করে হামলা হামলা চালানো হয়েছে,” এক ইমেইল বিবৃতিতে একথা জানান জাতিসংঘ পরিদর্শক দলের মুখপাত্র। “হামলায় কামান, ট্যাংক ও মর্টারসহ হালকা অস্ত্রও ব্যবহার করা হয়েছে,” বলেন তিনি। সিরিয়া সরকার এর আগেও ‘হত্যাকাণ্ডের’ অভিযোগ অস্বীকার করে দাবি করেছিল, সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে ‘সফল’ অভিযান পরিচালনা করা হয়েছে। “বৃহস্পতিবারের অভিযান ছিল একটি সফল সামরিক অভিযান। এই অভিযানে অনেক ‘সন্ত্রাসী’কে হত্যা করা হলেও কোনো বেসামরিক মানুষ মারা যায়নি,” এক বিবৃতিতে জানায় সিরীয় সরকার। আসাদ বাহিনীর এই হামলার খবর প্রকাশ হওয়ার পর সিরিয়ার নেতাদের ‘ষুনি’ আখ্যা দেয় যুক্তরাষ্ট্র। কিন্তু সিরিয়ায় চলমান রক্তপাতের অবসান কিভাবে হবে তা নিয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছতে ব্যর্থ হয়েছেন বিশ্ব নেতারা। শনিবারও রক্তপাত অব্যাহত ছিল বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা ‘দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। সংগঠনটি দাবি করেছে, এদিন সেনাদের গোলাবর্ষণে সারাদেশে মোট ৩৩ জন নিহত হয়েছে। সিরিয়ার সংঘাত বন্ধে প্রেসিডেন্ট আসাদকে ক্ষমতা থেকে সরাতে চায় যুক্তরাষ্ট্রসহ এর পশ্চিমা ও মধ্যপ্রাচের মিত্র দেশগুলো। কিন্তু এর বিরোধিতা করছে রাশিয়া। রাশিয়া বলেছে, শান্তি পরিকল্পনার প্রস্তাব সিরিয়ার বিবদমান পক্ষগুলোর কাছ থেকেই আসা উচিত। রাশিয়া সিরিয়ায় বহিঃশক্তির হস্তক্ষেপের বিরোধী। জাতিসংঘের হিসাবমতে গত ১৬ মাস ধরে চলা সিরিয়ার সহিংসতায় ১৫ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৭৩২ঘ.