বার্মিংহাম, আলবামা, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-প্রেসিডেন্ট বারাক ওবামাকে হত্যার পরিকল্পনার দায়ে শুক্রবার এক উজবেক অবৈধ অভিবাসীকে প্রায় ১৬ বছরের কারাদণ্ড দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি আদালত।
অভিযুক্ত উলুগবেগ কোদিরভের বিরুদ্ধে সন্ত্রাস ও প্রেসিডেন্টকে হত্যার উদ্দেশ্যে অস্ত্র বহনের অভিযোগ আনা হয়েছিল।
যুক্তরাষ্ট্রের আলবামা রাজ্যের কর্তৃপক্ষ জানিয়েছে, প্রেসিডেন্ট নির্বাচনে প্রচারণার সময় ওবামাকে গুলি করার পরিকল্পনা করেছিল কোদিরভ।
চিকিৎসা বিজ্ঞানে পড়ার উদ্দেশ্যে ২০০৯ সালে সে যুক্তরাষ্ট্রে আসে। কিন্তু কখনোই কোথাও ভর্তি হয়নি।
কর্মকর্তারা জানান, ২২ বছর বয়সী কোদিরভ ইন্টারনেট ঘাঁটাঘাটির মাধ্যমে ‘মৌলবাদী’ হয়ে ওঠে। নিজেকে মাতৃভূমি উজবেকিস্তানের একটি ইসলামি জঙ্গি গোষ্ঠীর (ইসলামিক মুভমেন্ট অব উজবেকিস্তান) প্রতিনিধি ভাবতে শুরু করে।
আলবামার বার্মিংহামে কোদিরভের বিচার চলাকালে যুক্তরাষ্ট্রের সহকারী অ্যাটর্নি মিশেল হুয়িসোন্যান্ট বলেন, “আমাদের তরুণরা ইন্টারনেটে প্রাপ্ত বিভ্রান্তিকর তথ্য ও প্রচারণার মাধ্যমে কীভাবে মৌলবাদী হয়ে উঠতে পারে এই মামলা তার একটি উদাহরণ।”
বিচার চলাকালে কোদিরভ ক্ষমা প্রার্থনা করেন। কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতার কারণে যাবজ্জীবন কারদণ্ড এড়াতে পেরেছে সে।
সন্ত্রাসী কর্মকাণ্ডের উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র সংগ্রহ ও প্রেসিডেন্টকে হত্যার হুমকি দেওয়ায় তাকে দোষী সাব্যস্ত করা হয়।
যুক্তরাষ্ট্রের জেলা জজ আব্দুল কাল্লোন তাকে ১৮৮ মাসের কারাদণ্ডের আদেশ দেন।
রায়ে বিচারক বলেন, “যারা বিভ্রান্তিকর প্রচার-প্রচারণায় নিজেদের প্রভাবিত করে তুলবে এই দণ্ডের মাধমে তাদের প্রতি কঠোর বার্তা পাঠানো হচ্ছে যে এসবের পরিণাম হবে মারাত্মক।”
২০১১ সালে আলবামার একটি মোটেল থেকে কোদিরভকে গ্রেপ্তার করা হয়। তার কাছে ছদ্মবেশী এক সরকারী গোয়েন্দার মাধ্যমে সংগ্রহ করা একটি স্বয়ংক্রিয় মেশিনগান ও চারটি হাতবোমা পাওয়া যায়। প্রেসিডেন্ট ওবামাকে হত্যার উদ্দেশ্যে সে এসব অস্ত্র সংগ্রহ করেছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১০৪২ ঘ.
bdnews24