ঢাকা, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের ক্ষমতাসীন জোট সংযুক্ত প্রগতিশীল মোর্চার (ইউপিএ) চেয়ারপার্সন সোনিয়া গান্ধীর নৈশভোজের আমন্ত্রণ ফিরিয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আগামী ১৯ জুলাই ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের আগের রাতে ইউপিএ জোটের শরিক দলগুলোর নেতাদের জন্য ক্ষমতাসীন দল কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী এ নৈশভোজের আয়োজন করছেন বলে এনডিটিভি জানিয়েছে।
১৮ জুলাইয়ের নৈশভোজে আমন্ত্রণ জানাতে সোনিয়া গান্ধীর রাজনৈতিক সচিব আহমেদ পাতিল শুক্রবার ক্ষমতাসীন জোটের শরিক দল তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন। নৈশভোজে উপস্থিত হতে পারবেন না জানিয়ে মমতা বলেন, আগামী ২১ জুলাই পূর্ব নির্ধারিত একটি সমাবেশের জন্য তার কলকাতা থাকা দরকার।
ভারতের পরবর্তী প্রেসিডেন্ট পদে ইউপিএ জোটের মনোনীত প্রার্থী প্রণব মুখোপাধ্যায়ের সমর্থনের জন্য ওই নৈশভোজের আয়োজন করছেন জোট নেত্রী সোনিয়া।
পশ্চিমবঙ্গের সন্তান ও সাবেক অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়কে গত মাসে ইউপিএ জোট প্রেসিডেন্ট প্রার্থী ঘোষণা করলেও তাকে সমর্থন দেওয়ার বিষয়ে এখনো কোনো ইতিবাচক অবস্থান জানাননি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা। প্রণবের বিপক্ষে সাবেক প্রেসিডেন্ট এপিজে আব্দুল কালামকে প্রার্থী করার জন্য জোর তৎপরতা চালান তিনি।
কিন্তু কালাম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করায় প্রেসিডেন্ট নির্বাচনে কোনো প্রার্থীর পক্ষে এখনো মুখ খোলেননি মমতা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/২১২৯ ঘ.
bdnews24