ঢাকা, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই তালেবানের প্রতি অস্ত্র সমর্পণের আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তালেবান নেতা মোল্লা ওমরকে দেশ গঠনে রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ নেওয়া উচিৎ বলেও মন্তব্য করেছেন।
বৃহস্পতিবার টেলিভিশন ভাষণে কারজাই এই আহ্বান জানিয়েছেন বলে এনডিটিভির এক খবরে বলা হয়।
আফগানিস্তানে শান্তি ফিরিয়ে আনাতে কারজাইয়ের সর্বসা¤প্রতিক এই আহ্বানের আগেও বেশ কয়েকবার তালেবানের প্রতি সরকারের সঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়েছিল।
কিন্তু বরাবরই এই ইসলামি জঙ্গি গোষ্ঠীটি ওই আহ্বান প্রত্যাখ্যান করেছে।
আফগানিস্তানের প্রেসিডেন্ট প্রাসাদে ধারণকৃত দেশব্যাপী স¤প্রচারের লক্ষ্যে এক টেলিভিশন ভাষণে কারজাই বলেন, “মোল্লা মোহাম্মদ ওমর আফগানিস্তানের যেখানে খুশি আসতে পারেন। তিনি তার জন্য রাজনৈতিক কার্যালয় চালু করতে পারেন। কিন্তু তাকে অস্ত্র ত্যাগ করতে হবে।”
২০০১ সালে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সেনা বাহিনী অভিযান শুরু করার পর থেকে মোল্লা ওমর আত্মগোপন করে আছেন। এক দশকেরও বেশি সময় ধরে তার তালেবান জঙ্গি গোষ্ঠী যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিনী ও আফগান সরকারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে।
বেশ কয়েকবার আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার অংশ হিসেবে তালেবানকে সরকারের সঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়। কিন্তু কারজাইয়ের সরকারকে যুক্তরাষ্ট্রের পুতুল সরকার অভিহিত করে বার বারই তা প্রত্যাখ্যান করেছে তালেবান। এর পরিবর্তে তারা যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে সরাসরি আলোচনা শুরু করে।
কিন্তু চলতি বছরের শুরুর দিকে ওই আলোচনা ভেঙ্গে যায়। তালেবানের অভিযোগ, গুয়ান্তানামো কারাগারে আফগান বন্দিদের মুক্তি দেওয়ার ব্যাপারে দেওয়া অঙ্গীকার যুক্তরাষ্ট্র ভঙ্গ করেছে।
ওই আলোচনা পুনরায় শুরুর কোনো লক্ষণও দেখা যাচ্ছে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১২২৪ ঘ.
bdnews24