বৈরুত, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-সিরিয়া সঙ্কটের শান্তিপূর্ণ সমাধান প্রচেষ্টায় আঞ্চলিক শক্তি ইরানকে সামিল করার প্রস্তাব দিয়েছেন আন্তর্জাতিক শান্তিদূত কফি আনান। পশ্চিমা দেশগুলো এর ঘোর বিরোধিতা করেছে। তবে চীন প্রস্তাবটি সমর্থন করেছে।
মঙ্গলবার তেহরানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আলি আকবর সালেহির সঙ্গে কথা বলার পর আনান এ প্রস্তাব করেন।
“ইরানের ভূমিকা রাখার সুযোগ আছে। আর এখানে আমার উপস্থিতি এটাই বোঝায় যে আমি এটি বিশ্বাস করি,” বলেন তিনি।
তিনি বলেন, “ইরান পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে মধ্যপ্রাচ্যে সিরিয়া সঙ্কটের প্রভাব ছড়িয়ে পড়লে তার ফলাফল আমরা কল্পনাও করতে পারবো না।”
কফি আনানের এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করেছে যুক্তরাষ্ট্র ও তার ন্যাটো মিত্ররা এবং মধ্যপ্রাচ্যের মিত্র আরব দেশগুলো। মধ্যপ্রাচ্যে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের ঘোর সমর্থক ও প্রধান পরামর্শদাতা মনে করা হয় ইরানকে।
এই ধরনের কূটনৈতিক বিভক্তি ১৬ মাস ধরে বিরাজমান সিরিয়ায় সঙ্কট সমাধানের সার্থক প্রচেষ্টায় প্রতিবন্ধকতা সৃষ্টি করবে বলে বিশ্লে¬ষকদের ধারণা।
সিরিয়ার সঙ্কট সমাধানে আনানের নতুন বিস্তারিত পরিকল্পনার প্রতি সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র। কিন্তু এই সঙ্কটে ইরানের ভূমিকা রাখার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অবস্থান পরিবর্তনের কোনো ইঙ্গিত মেলেনি।
তবে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো বিরোধিতা করলেও সিরিয়া সঙ্কটে ইরানের অন্তর্ভুক্তির ব্যাপারে সায় দিয়েছে চীন।
চীন মনে করে সিরিয়া সঙ্কট সমাধানে আঞ্চলিক দেশগুলোকে বিচ্ছিন্ন করে রাখা সমীচীন নয়। বিশেষ করে সিরিয়ায় সংশ্লিষ্ট পক্ষগুলোর ওপর যে দেশগুলোর প্রভাব আছে সঙ্কট সমাধানের আলোচনায় তাদের সমর্থন ও অংশগ্রহণ থাকা জরুরি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪৩৯ ঘ.
bdnews24