২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরের প্রেসিডেন্টের আদেশ বাতিল করলো আদালত

আদালতের নির্দেশে সামরিক বাহিনী মিশরের নির্বাচিত পার্লামেন্ট ভেঙে দেওয়ার বিরুদ্ধে ওই ডিক্রি জারি করেছিলেন সদ্য ক্ষমতাগ্রহণকারী প্রেসিডেন্ট মুরসি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2012, 06:20 AM

Updated : 24 Aug 2022, 11:43 AM

ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পার্লামেন্ট পুনর্বহালে মিশরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির জারি করা এক ডিক্রি বাতিল করেছে দেশটির সর্বোচ্চ আদালত। আদালতের নির্দেশে সামরিক বাহিনী মিশরের নির্বাচিত পার্লামেন্ট ভেঙে দেওয়ার বিরুদ্ধে ওই ডিক্রিটি জারি করেছিলেন সদ্য ক্ষমতাগ্রহণকারী প্রেসিডেন্ট মুরসি। মঙ্গলবার পার্লামেন্টের এক সংক্ষিপ্ত অধিবেশন শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সর্বোচ্চ সাংবিধানিক আদালত ওই আদেশটি জারি করে বলে জানিয়েছে বিবিসি। আদালতের নতুন এই আদেশের প্রতিবাদে হাজার হাজার জনতা কায়রোর স্বাধীনতা চত্ত্বরে (তাহরির স্কয়ার) জড়ো হয়। প্রতিবাদকারীরা আদালতের আদেশকে “বেআইনি” অভিহিত করে ও সামরিক বাহিনীর বিরুদ্ধে স্লোগান দেয়। বিশ্লেষকদের ধারণা, দেশের সর্বোচ্চ কর্তৃত্ব কার হাতে তা নিয়ে মিশরের প্রেসিডেন্ট ও সেনাবাহিনীর মধ্যে অঘোষিত প্রতিযোগিতা চলছে। দু’টি প্রতিষ্ঠানই দেখাতে চাচ্ছে তারাই দেশের মূল কর্তৃত্বে। গত ১৪ জুন একই আদালত নির্বাচিত পার্লামেন্টকে অবৈধ ঘোষণা করে। আদালতের নির্দেশনা অনুযায়ী প্রেসিডেন্ট নির্বাচনের আগেই পার্লামেন্ট ভেঙে দেয় ক্ষমতাসীন সর্বোচ্চ সেনা পরিষদ। গত বছর ক্ষমতা থেকে হোসনি মুবারকের বিদায়ের পর মিশরের ক্ষমতা গ্রহণ করে এই সর্বোচ্চ সেনা পরিষদ। তাদের তত্ত্বাবধানে আয়োজিত পার্লামেন্ট নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পায় মুবারক আমলে নিষিদ্ধ ঘোষিত মুসলিম ব্রাদারহুডের প্রার্থীরা। পরবর্তী সময়ে সেনাপরিষদের তত্ত্বাবধানে আয়োজিত প্রেসিডেন্ট নির্বাচনেও জয়লাভ করে মুসলিম ব্রাদারহুডের প্রার্থী মোহাম্মদ মুরসি। প্রেসিডেন্ট নির্বাচনে মুরসির বিজয় অনুমান করতে পেরে কয়েকটি ডিক্রি জারির মাধ্যমে ক্ষমতা সংহত করে নেয় সেনা পরিষদ। বিজয় লাভের পর মুরসির কাছে ক্ষমতা হস্তান্তর করলেও সেনা পরিষদসহ মুবারক আমলের প্রশাসন প্রেসিডেন্টের ক্ষমতার রাশ টেনে ধরার চেষ্টা করছে। প্রেসিডেন্ট নির্বাচনের আগে পার্লামেন্ট বিলুপ্ত করে দেওয়ায় ও মুবারক পরবর্তী নতুন কোনো সংবিধান রচিত না হওয়ায় মিশরের প্রেসিডেন্টের ক্ষমতার রাশ টেনে ধরার কোনো নিয়মতান্ত্রিক প্রতিষ্ঠান নেই। এ অবস্থায় একদিকে সর্বোচ্চ আদালত ও সেনাপরিষদ এবং অপরদিকে নির্বাচিত প্রেসিডেন্টের পাল্টাপাল্টি সিদ্ধান্তে মিশরের রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ ঘোলাটে হয়ে উঠছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১২১৫ ঘ.