ইয়াঙ্গুন, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিয়ানমারে ভাইস প্রেসিডেন্ট পদে মঙ্গলবার মনোনীত হয়েছেন সাবেক সামরিক গোয়েন্দা প্রধান মিন্ট সয়ে।
মিয়ানমারে রাজনৈতিক সংস্কারের কিছু সমর্থক এতে হতাশ হয়েছেন। তবে বিশ্লেষকরা বলছেন, সয়ের নিয়োগ সংস্কার প্রক্রিয়া ব্যাহত করবে না।
মিন্ট সয়ে মিয়ানমারের সাবেক জান্তা সরকার প্রধান থান শয়ের ঘনিষ্ঠজন বলেই ধারণা করা হয়।
২০১১ সালের মার্চ পর্যন্ত শাসনক্ষমতায় ছিলেন থান শয়ে। এরপর ক্ষমতায় আসে প্রেসিডেন্ট থিয়েন সেইনের আধা-বেসামরিক সরকার।
এ সরকারে সাবেক জেনারেলদের আনেকেই থাকলেও মিয়ানমারে খুব দ্রুতই একের পর এক রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কারকাজ চলছে।
ফলে সাবেক সামরিক গোয়েন্দা প্রধান ভাইস প্রেসিডেন্ট হলেও তাতে সংস্কারকাজে ঢিলেমি হবে না বলেই বিশ্লেষকদের ধারণা।
ভাইস প্রেসিডেন্ট পদে এর আগে ছিলেন সাবেক জান্তা সরকারের কট্টরপন্থি সদস্য টিন অং মিন্ট ও। তিনি পদত্যাগ করার পর মিন্ট সয়ে কে এ পদে মনোনয়ন দেওয়া হল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/২০৩০ঘ.
bdnews24