কঙ্গো, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর যুদ্ধবাজ নেতা থমাস লুবাঙ্গাকে ১৪ বছরের জেল দিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত। যুদ্ধে শিশু সেনা নিয়োগের অভিযোগে তাকে এ সাজা দেওয়া হয়েছে।
২০০২- ২০০৩ সালে কঙ্গোয় যুদ্ধ চলাকালে ১৫ বছরের কম বয়সী ছেলে মেয়েদেরকে অপহরণ করে বিদ্রোহী বাহিনীতে নিয়োগ করার অপরাধে গত মার্চ মাসে দোষী সাব্যস্ত হন লুবাঙ্গা।
উত্তর-পূর্ব কঙ্গোয় জাতিগত গ্র“পগুলোর মধ্যকার ওই লড়াই-সংঘর্ষে ৬০ হাজার মানুষ নিহত হয়েছে বলে ধারণা করা হয়।
আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) এই প্রথম লুবাঙ্গাকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করল। হেগ এর কাস্টডিতে লুবাঙ্গার কাটানো সময়ের হিসাবে তাকে এখন অতিরিক্ত ৮ বছরের জেল খাটতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৬০৭
bdnews24