২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গান্ধীর চিঠি-ছবি কিনে নিল ভারত সরকার

প্রায় ৬ কোটি রুপি দিয়ে মহাত্মা গান্ধীর হাজারো চিঠি, কাগজপত্র ও আলোকচিত্র কিনে নিয়েছে ভারত সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2012, 04:51 AM

Updated : 24 Aug 2022, 11:43 AM

নয়া দিল্লি, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রায় ৬ কোটি রুপি দিয়ে মহাত্মা গান্ধীর হাজারো চিঠি, কাগজপত্র ও আলোকচিত্র কিনে নিয়েছে ভারত সরকার। লন্ডনের সোদিবির নিলামে ওই জিনিসপত্র নিলামে ওঠার একদিন আগেই সেগুলো কিনে নেওয়া হয় বলে সোমবার দেশটির এক সরকারি কর্মকর্তা জানান। ওইসব চিঠি ও কাগজপত্রে গান্ধীর দক্ষিণ আফ্রিকায় কাটানো সময়, ভারতে ফিরে আসা এবং পরিবারের সঙ্গে বৈরী সম্পর্কের বিভিন্ন বিষয় উঠে এসেছে। ১০ জুলাই এই নিলাম হওয়ার কথা ছিল। সবকিছু ভারত সরকার কিনে নেওয়ায় নিলাম অনুষ্ঠান বাতিল করা হয়েছে। ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “এসব কাগজপত্রে গান্ধীর দৃষ্টিভঙ্গিসহ অন্যান্য অনেক কিছু সম্পর্কে ধারণা পাওয়া যাবে, যা ভারতীয়দের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।” ভারতের নয়া দিল্লিতে জাতীয় সংগ্রহশালায় এগুলো রাখা হবে। এসব কাগজপত্র জার্মান বংশোদ্ভূত ইহুদি স্থাপত্যবিদ হারমেন কালেনবাখের আত্মীয়-স্বজনের কাছে ছিল। ১৯০৪ সালে দক্ষিণ আফ্রিকায় গান্ধীর সঙ্গে হারমেনের পরিচয় হয়। দীর্ঘ ২০ বছর দক্ষিণ আফ্রিকায় থাকাকালে গান্ধী জনগণের অধিকার ও অহিংস দর্শনের আন্দোলন শুরু করেন। ওই সময় তার মতাদর্শে দারুণভাবে অনুপ্রাণিত হন হারমেন। ১৯১৫ সালে গান্ধী ভারতে ফেরার পরও দুজনের বন্ধুত্ব অক্ষুণœ ছিল। পুলিৎজার পুরস্কারজয়ী লেখক জোসেফ লেলিভেল্ডের লেখা গান্ধীর জীবনীতেও তাদের এই বন্ধুত্বের বিষয়টি উঠে এসেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১০৪০ ঘ.