২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বন্যায় নিহতদের জন্য একদিনের শোক রাশিয়ায়

আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহত ১৭১ জনের জন্য একদিনের রাষ্ট্রিয় শোক পালন করছে রাশিয়া। পরিস্থিতি মোকাবেলায় কর্তৃপক্ষের ব্যর্থতার জন্য বিক্ষুব্ধ হয়ে উঠেছে দেশটির বাসিন্দারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2012, 02:03 PM

Updated : 24 Aug 2022, 11:42 AM

ক্রিমস্ক, রাশিয়া, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহত ১৭১ জনের জন্য একদিনের রাষ্ট্রিয় শোক পালন করছে রাশিয়া। পরিস্থিতি মোকাবেলায় কর্তৃপক্ষের ব্যর্থতার জন্য বিক্ষুব্ধ হয়ে উঠেছে দেশটির বাসিন্দারা। রোববার রাতে সরকারীভাবে নিহতের সংখ্যা ১৭১ জন বলে জানানো হয়েছে। নিহতদের অধিকাংশই দক্ষিণ রাশিয়ার ক্রাসনোডার অঞ্চলের কৃষ্ণসাগর তীরবর্তী ক্রিমস্ক শহরের বাসিন্দা। কোনো ধরণের সতর্কতা জারি করার আগেই শুক্রবার রাতের ওই হঠাৎ বন্যায় কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়ে ক্রিমস্ক ও নিকটবর্তী গেলেন্ডঝিক এবং নোভোরোসিস্ক এলাকার বাসিন্দারা। ঘুমের মধ্যে তীব্র পানির তোড়ে অনেকে ভেসে যায়, যাদের বেশির ভাগেরই মৃত্যু হয়েছে। আর মৃতদের মধ্যে বয়স্ক লোকের সংখ্যাই বেশি। গড়ে দুই মাসে যে পরিমাণ বৃষ্টি হয়, শুক্রবার রাতে কয়েক ঘন্টার মধ্যে ওই পরিমাণ বৃষ্টিপাতের পর আকস্মিক এ বন্যা দেখা দেয়। এক মাস ধরে ক্রাসনোডার অঞ্চলে বৃষ্টিপাত চলছিল বলে জানা গেছে। আকস্মিক এ বন্যায় কয়েক হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। গৃহহীন মানুষজন জরুরী ব্যবস্থাপনা বিভাগের ত্রাণ শিবিরের তাবুতে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। সোমবার ডাকবিভাগের কর্মীরা ক্রিমস্কের ঘরে ঘরে গিয়ে পরিবার প্রতি তিনশ ডলার করে নগদ সাহায্য বিতরণ করেছেন। সরকারের পক্ষ থেকে আরো সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে। কৃষ্ণ সাগরের নোভোরোসিস্ক সমুদ্র বন্দরের কর্মকর্তারা জানিয়েছেন, রোববার ক্ষতিগ্রস্থ বন্দরটির স্বাভাবিক কার্যক্রম আবার শুরু হয়েছে। নোভোরোসিস্ক রশিয়ার অন্যতম প্রধান সমুদ্র বন্দর। সর্ববৃহৎ অপরিশোধিত তেল রপ্তানিকারক দেশ ও গম রপ্তানিতে দ্বিতীয় রাশিয়ার এ বন্দর দিয়েই অধিকাংশ পণ্য আমদানী-রপ্তানী করা হয়। আবহাওয়া কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, এক মাসেরও বেশি সময় ধরে চলা বৃষ্টিপাত সোমবার কমে আসতে পারে। এদিকে ইতার-তাস সংবাদ সংস্থা জানিয়েছে, বন্যা সতর্কীকরণ ঘোষণা দেওয়ার ক্ষেত্রে স্থানীয় কর্তৃপক্ষের কোনো অবহেলা ছিল কিনা তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট পুতিন। তবে বন্যা মোকাবেলা ও আগাম সতর্কীকরণে সরকারের ব্যর্থতার জন্য ক্ষুব্ধ হয়ে উঠেছে রাশিয়ার নাগরিকরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/বিসিএস/১৮০৫ ঘ.