২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পর্যটকদের ‘দানে’ কার্বন নিঃসরণ কমাবে মালদ্বীপ

জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা মালদ্বীপ ২০২০ সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনার পরিকল্পনা নিয়েছে। আর এ লক্ষ্য বাস্তবায়নে পর্যটকদের কাছ থেকে বার্ষিক ১০ কোটি ডলার সংগ্রহের আশা করছে দেশটির সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2012, 09:51 AM

Updated : 24 Aug 2022, 11:42 AM

লন্ডন, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা মালদ্বীপ ২০২০ সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনার পরিকল্পনা নিয়েছে। আর এ লক্ষ্য বাস্তবায়নে পর্যটকদের কাছ থেকে বার্ষিক ১০ কোটি ডলার সংগ্রহের আশা করছে দেশটির সরকার। মালদ্বীপের বিলাসবহুল অবকাশ কেন্দ্রগুলোতে আসা পর্যটকদের ‘দান’ থেকে এ অর্থ সংগ্রহ করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ ওয়াহিদ। ভারত মহাসাগরের বুকে মাত্র দেড় মিটার উচ্চতায় ১ হাজার ১৯২টি দ্বীপ নিয়ে গঠিত মালদ্বীপের উচ্চতাই বিশ্বে সবচেয়ে কম। জলবায়ু পরিবর্তনের কারণে এই দেশটির ঝুঁকিই সবচেয়ে বেশি। বিজ্ঞানীরা বলছেন, বৈশ্বিক উষ্ণতা বেড়ে যাওয়ার কারণে সাগর তলের উচ্চতা যে হারে বাড়ছে, তাতে পরিস্থিতি না বদলালে দ্বীপরাষ্ট্রটি একসময় সাগরে বিলীন হয়ে যেতে পারে। মহাসাগরে ছড়ানো কয়েক শ’ দ্বীপ ও সাদা বালির সৈকতে প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ১০ লাখ পর্যটক বেড়াতে আসেন। এদের মধ্যে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের পর্যটকই বেশি। ২০০৯ সালে সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ মালদ্বীপকে বিশ্বের প্রথম কার্বন নিঃসরণ মুক্ত দেশে পরিণত করার পরিকল্পনা পেশ করেন। ২০২০ সালের মধ্যে দেশের কার্বন ডাই অক্সাইডের নিঃসরণ শূন্যের কোঠায় নামিয়ে আনার লক্ষ্য নেওয়া হয়। মালদ্বীপে আসা পর্যটকদের ওপর অতিরিক্ত ৩ ডলার কর ধার্য করে পরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজনীয় তহবিল যোগাড় করার পরিকল্পনা করেছিলেন নাশিদ। কিন্তু ৭ ফেব্রুয়ারি এক অভ্যুত্থানে ক্ষমতা ছাড়তে বাধ্য হন তিনি। নাশিদের পর ক্ষমতা গ্রহণ করেন তার ‘ডেপুটি’ ওয়াহেদ। ওই পরিকল্পনা বাস্তবায়নে বাধ্যতামূলক করের জায়গায় পর্যটকদের দানের ওপর নির্ভর করা পরিকল্পনা নেন তিনি। তার ধারণা, আকাশ পথে মালদ্বীপে আসা পর্যটকদের কাছে আবেদন করলে ভালো সাড়া পাওয়া যাবে। “যদি সবাই ১০ ডলার করেও দেন, তাহলে বার্ষিক ১০ কোটি ডলার উঠবে। কার্বন নিঃসরণ কমানোর পরিকল্পনা বাস্তবায়নে এ অর্থ যথেষ্টই হবে,” বলেন প্রেসিডেন্ট ওয়াহেদ। “আমার ধারণা মালদ্বীপে আসা পর্যটকরা পরিবেশ বিষয়ে অত্যন্ত সচেতন, তাই আমাদের আবেদনে তারা স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিবে বলেই আমার বিশ্বাস,” বলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/১৫৪৪ ঘ.