ত্রিপোলি/বেনগাজি, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ায় মুয়াম্মার গাদ্দাফির পতনের পর গত ৬০ বছরের মধ্যে এই প্রথম শনিবার অবাধ জাতীয় নির্বাচনে ভোট দিচ্ছে দেশটির জনগণ।
এ নির্বাচনের মাধ্যমে একটি অস্থায়ী জাতীয় পরিষদ গঠিত হবে। আর এ পরিষদই মন্ত্রীসভা গঠন ও প্রধানমন্ত্রী নির্বাচনের দায়িত্ব পালন করবে।
কিন্তু কয়েকটি এলাকায়, বিশেষ করে পূর্বাঞ্চলে বিশৃঙ্খলার কারণে ভোট গ্রহণ বাধাগ্রস্থ হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, ১ হাজার ৫০০’র বেশি ভোট কেন্দ্রের মধ্যে ১০১ টি ভোট কেন্দ্র খোলা সম্ভব হয়নি।
তবে সার্বিকভাবে ভোটাভুটিতে জনগণের ব্যাপক সাড়া পাওয়া গেছে বলে জানিয়েছেন তারা। ১৯৬৯ সালে কর্ণেল গাদ্দাফি ক্ষমতা গ্রহণের পর এই প্রথম সরকার নির্বাচন করছেন লিবিয়ানরা।
কয়েকজন লিবিয়ান ১৯৬৫ সালে অনুষ্ঠিত তাদের শেষ জাতীয় নির্বাচনের স্মৃতিচারণ করলেন। এছাড়া ভোটারদের মাঝে বেশ কয়েকজন আছেন যারা স্বাধীনতার পর ১৯৫২ সালে অনুষ্ঠিত দেশটির প্রথম নির্বাচনেও ভোট দিয়েছিলেন।
শনিবারের নির্বাচনের মাধ্যমে লিবিয়ায় অস্থায়ীভাবে জাতীয় পরিষদের ২০০ সদস্য নির্বাচিত হবেন। তারা একজন প্রধানমন্ত্রী নির্বাচন ও একটি মন্ত্রীপরিষদ গঠন করবেন।
এরপর নির্বাচিত নতুন সরকার দেশের জন্য একটি নুতন সংবিধান প্রণয়ন করবে। আর ওই সংবিধানের আলোকে আগামী বছর একটি পূর্ণাঙ্গ পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে লিবিয়ায়।
এছাড়া এ নির্বাচনের মধ্য দিয়েই অর্ধশতকের বেশি সময় পর স্বৈরশাসনের অবসান ঘটিয়ে গণতন্ত্রের পথে যাত্রা করবে লিবিয়া। তাই এ নির্বাচন হচেছ দেশটিতে গণতন্ত্র প্রতিষ্ঠার প্রথম পরীক্ষা।
নির্বাচনে ৩ হাজার ৭০০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে ইসলামপন্থী দলগুলোই নির্বাচনে ভালো করবে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে আরব বিশ্বের গণতান্ত্রিক আন্দোলন ‘আরব বসন্তে’র প্রভাবে গণতন্ত্রের পথে অগ্রসর হওয়া তিউনিসিয়া ও মিশরেও ইসলামপন্থীরা নির্বাচনে ভালো ফলাফল করেছে।
শনিবার স্থানীয় সময় সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। দেশটিতে ২৮ লাখ তালিকাভুক্ত ভোটার রয়েছে।
নির্বাচনের পূর্ণাঙ্গ ফলাফল পেতে সোমবার পর্যন্ত আপেক্ষা করতে হতে পারে বলে জানিয়েছেন পর্যবেক্ষকরা।
তবে বেনগাজিভিত্তিক পূর্বাঞ্চল ও মরুভূমিময় দক্ষিণাঞ্চলে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা বিরাজ করছে।
শুক্রবার রাজধানী ত্রিপোলিতে এক সংবাদ সম্মেলনে অর্ন্তর্বতী প্রধানমন্ত্রী আব্দুররহিম আল কিব ভোটারদের প্রতি আবেদন জানিয়ে বলেছেন, “আগামীকাল নির্বাচন হবে, লিবিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এতে সবার অংশগ্রহণ দরকার।”
নির্বাচনের প্রতি সবচেয়ে বড় হুমকি বেনগাজি ও এর আশপাশে এলাকা। কারণ ত্রিপোলির শাসন না মেনে পূর্বাঞ্চলের স্বায়ত্বশাসন দাবি করছে বেনগাজিভিত্তিক সাবেক বিদ্রোহী গোষ্ঠীগুলো।
তারা পূর্বাঞ্চলের নাম দিয়েছে সাইরেনাশিয়া। সাবেক বিদ্রোহী যোদ্ধা ও বর্তমানে সাইরেনাশিয়ার সর্বোচ্চ সামরিক পরিষদের প্রধান হামেদ আল হাসি বলেছেন, “এতে কোনো সন্দেহ নেই লিবিয়ার পূর্ব ও পশ্চিমের মধ্যে গৃহযুদ্ধ লেগে যেতে পারে। সরকারের কেউ আমাদের কথায় কান দিচ্ছে না। এভাবে চললে দেশ পক্ষাঘাতগ্রস্ত রুগীর মতো অচল হয়ে পড়বে।”
দেশটির জাতীয় পরিষদে পশ্চিমাঞ্চলের জন্য ১০২ টি আসন এবং পূর্বাঞ্চলের জন্য ৬০টি আসন রাখা হয়েছে। এ নিয়েও বিরোধ দেখা দিয়েছে।
এর প্রতিবাদে শুক্রবার রাতে বেনগাজিতে কয়েকশ’ বিক্ষোভকারী ভোট বর্জনের ঘোষণা দিয়েছে।
জাতীয় পরিষদে পূর্বাঞ্চলের আসন বৃদ্ধির জন্য চাপ সৃষ্টি করতে শুক্রবার উত্তর আফ্রিকার অর্ধেক তেল রপ্তানি বন্ধ করে দিয়েছে স্থানীয় সশস্ত্র গোষ্ঠীগুলো। এতে প্রধান তিনটি তেল রপ্তানিকারী বন্দরের কার্যক্রমে স্থবিরতা সৃষ্টি হয়েছে।
তেল কোম্পানিগুলোর কাছে পাঠানো শিপিং এজেন্টদের এক ঘোষণায় বলা হয়েছে, “পূর্বাঞ্চলের দাবির প্রতি সরকার অনুকূল সাড়া না দিলে আগামী ৪৮ ঘন্টা এই ধর্মঘট চলবে।”
এছাড়া শুক্রবার বেনগাজিতে ভোটের রসদবাহী একটি হেলিকপ্টারে হামলা চালানো হয়। হেলিকপ্টারটি লক্ষ্য করে বিমানবিধ্বংসী গোলা নিক্ষেপ করা হলে এক আরোহী নিহত ও হেলিকপ্টারটি জরুরি অবতরণে বাধ্য হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/বিসিএস/২২০০ ঘ.
bdnews24