ত্রিপোলি, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মুয়াম্মার গাদ্দাফির পতনের পর শনিবার লিবিয়ার প্রথম অবাধ জাতীয় নির্বাচনে ভোট দেবে দেশটির জনগণ। এ নির্বাচনের মধ্য দিয়ে অর্ধ শতকের বেশি সময় পর স্বৈরশাসনের অবসান ঘটিয়ে গণতন্ত্রের পথে যাত্রা করবে লিবিয়া।
আর তাই দেশটিতে গণতন্ত্রের প্রথম পরীক্ষা হিসাবেই দেখা হচ্ছে এ নির্বাচনকে।
এক লিবীয়র উক্তি, “আমাদের জন্য এ এক নতুন অধ্যায়ের সূচনা, আমরা গণতন্ত্র শিখছি।”
শনিবারের নির্বাচনের মাধ্যমে আইনসভার ২০০ সদস্য নির্বাচিত হবেন যারা একটি মন্ত্রীপরিষদ গঠন করবে। ক্ষমতাসীন স্ব-ঘোষিত অন্তর্বর্তী সরকারের পরিবর্তে দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করবে ওই নতুন মন্ত্রিসভা।
এছাড়া এ নির্বাচনের মাধ্যমেই নির্ধারিত হবে কে হবেন দেশটির প্রধানমন্ত্রী। নির্বাচনে ৩ হাজার ৭০০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
তবে নির্বাচনের আগের দিন শুক্রবার দেশটির পূর্বাঞ্চলীয় আজদাবিয়া শহরে আগুনে পুড়ে নির্বাচনী সরঞ্জাম নষ্ট হওয়ার খবর জানিয়েছে বিবিসি।
দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, আজদাবিয়ার এক ডিপোতে আগুন লেগে ব্যালট বাক্স ও কাগজ-পত্র পুড়ে গেছে। একজন নিরাপত্তা সূত্র জানিয়েছেন, এ ব্যাপারে তদন্ত চলছে।
এ ঘটনার পরও এনটিসি জানিয়েছে শনিবার নির্বাচন হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯০১ঘ.
bdnews24