ওয়াশিংটন, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নির্বাচনী তহবিল সংগ্রহ অভিযানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রার্থী মিট রমনি ও তার রিপাবলিকান পার্টির সদস্যরা জুন মাসে সম্মিলিতভাবে ১০ কোটি ডলার সংগ্রহ করেছেন।
এর মধ্যে রমনির সমর্থক বিভিন্ন গোষ্ঠীর সংগ্রহ করা অর্থের হিসাব ধরা হয়নি।
বৃহস্পতিবার রিপাবলিকান পাটির কর্মকর্তারা তহবিল সংগ্রহের এ হিসাব প্রকাশ করেছেন।
অপরদিকে জুন মাসে প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার ডেমক্রেটিক পার্টির সংগৃহীত তহবিলের হিসাব এখনো প্রকাশ করা হয়নি।
আসছে নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতিদ্বন্দ্বী প্রার্থী রিপাবলিকান পার্টির মিট রমনি।
বৃহস্পতিবার ওবামা প্রথমবারের মতো বাসযোগে নির্বাচনী প্রচারণায় নেমেছেন। প্রথমদিন ওহাইয়ো রাজ্যে প্রচারাভিযান চালিয়েছেন। বাসযোগে তার এই প্রচারাভিযান শুক্রবার পেনসিলভানিয়া রাজ্যের পিটার্সবার্গে শেষ হওয়ার কথা।
মে মাসের তহবিল সংগ্রহ অভিযানে ওবামা শিবিরকে পেছনে ফেলেছিল রমনি শিবির। রমনির সংগৃহীত সাত কোটি ৭০ লাখ ডলারের বিপরীতে ছয় কোটি ডলার সংগ্রহ করেছিল ওবামা শিবির।
রমনির প্রচারণা কর্মীদের বক্তব্যানুযায়ী, নতুন দাতারাই জুন মাসে সংগৃহীত তহবিলের অধিকাংশের যোগানদাতা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৫৪৫ঘ.
bdnews24