সাফেদ, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইসরায়েলের উত্তরাঞ্চলীয় এলাকায় গাঁজা চাষ হচ্ছে। তবে এই গাঁজায় নেশা হবে না। বরং রোগ থেকে মুক্তি পাবেন সেবনকারীরা। গবেষকরা বলছেন, কিছু কিছু রোগকে বাড়তে না দিয়ে বরং তার চিকিৎসার জন্য এটাকে কাজে লাগানো হবে।
গালিলি পাহাড়ে চিকিৎসায় ব্যবহারের জন্য গাঁজার চাষ চলছে। বাগানের চারপাশে দেওয়া হয়েছে উঁচু বেড়া। লাগানো হয়েছে নিরাপত্তা ক্যামেরা। আর সন্ত্রাসীদের হাত থেকে বাগানকে রক্ষায় সশস্ত্র একটি দল পাহারায় রয়েছে।
টিকুন ওলাম কোম্পানি এটা চাষ করছে।
গাঁজায় ৬০টিরও বেশি উপাদান রয়েছে। আর এদের মধ্যে বহুল পরিচিত হলো টিএইচসি যা চিকিৎসার চেয়ে নেশার কাজেই বেশি লাগে।
এতে অবশ্য সিডিবি নামে অপর একটি উপাদানও রয়েছে যা ভালো কাজে ব্যবহার করা যায় বলে গবেষকরা জানিয়েছেন।
টিকুন ওলাম কোম্পানির প্রধান জ্যাক ক্লেইন বলেন, “সারাবিশ্বে বিভিন্ন আকারে সিডিবি গাছ পাওয়া যায়।”
তাদের কোম্পানির গাছগুলো টিএইচসি মুক্ত এবং এতে উচ্চ মাত্রায় সিডিবি রয়েছে বলেও জানান তিনি।
ক্লেইন বলেন, টিকুন ওলাম ২০০৯ সাল থেকে সিডিবি সমৃদ্ধ গাঁজা বিষয়ে গবেষণা শুরু করে এবং ছয় মাস আগে তারা আভিদেকেল ওষুধ বানাতে সক্ষম হয়েছে। এতে সিডিবি ও টিএইচসি রয়েছে যথাক্রমে ১৫.৮ শতাংশ ও এক শতাংশেরও কম।
জেরুজালেমের হিব্র“ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাফায়েল মেকুলাম বলেন, ইসলায়েলে সিডিবি সমৃদ্ধ প্রথম ওষুধ হিসেবে আভিদেকেলকে বিবেচনা করা হয়।
ইসরায়েলে গাঁজাকে অবৈধ মাদক হিসেবে বিবেচনা করা হয়। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ১৯৯৩ সাল থেকে একে ওষুধ হিসেবে ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।
মন্ত্রণালয় আরো জানায়, ক্যান্সার, পারকিনসন, বিভিন্ন ধরনের স্কেলেরোসিস ও আঘাত পরবর্তী মানসিক সমস্যায় আক্রান্ত ইসরায়েলে প্রায় ৯ হাজার মানুষকে গাঁজা দিয়ে চিকিৎসা চালানো হচ্ছে।
আর ওষুধ কোম্পানিগুলোও গাঁজাকে ওষুধ হিসেবে ব্যবহারে আগ্রহী হয়ে উঠেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৪৩০ ঘ.
bdnews24