২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেক্সিকোর প্রেসিডেন্ট নির্বাচনের ভোট পুনর্গণনার সিদ্ধান্ত

অনিয়মের অভিযোগে মেক্সিকোর প্রেসিডেন্ট নির্বাচনে গৃহীত ভোট পুনর্গণনার সিদ্ধান্ত নিয়েছে দেশটির নির্বাচন কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2012, 04:52 AM

Updated : 24 Aug 2022, 11:41 AM

ঢাকা, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অনিয়মের অভিযোগে মেক্সিকোর প্রেসিডেন্ট নির্বাচনে গৃহীত ভোট পুনর্গণনার সিদ্ধান্ত নিয়েছে দেশটির নির্বাচন কর্তৃপক্ষ। বৃহস্পতিবার নির্বাচন কর্তৃপক্ষ জানায়, তারা অর্ধেকেরও বেশি কেন্দ্রের ভোট পুনরায় গণনা করা হবে। মেক্সিকোয় রোববার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। মেক্সিকোর কেন্দ্রীয় নির্বাচনী প্রতিষ্ঠান আইএফই’র নির্বাহী সম্পাদক এডমান্দো জ্যাকোবো এ ঘোষণা দিয়ে একে খোলাখুলি ও স্বচ্ছতার একটি চর্চা হিসেবে অভিহিত করেন বলে বিবিসি জানায়। তিনি জানান, মোট এক লাখ ৪৩ হাজার ১৩২ টি ভোটকেন্দ্রের মধ্যে ৭৮ হাজার বারটি কেন্দ্রের ভোট পুনরায় গণনা করা হবে। নির্বাচনের ফলাফল ঘোষণার পরপর প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে দ্বিতীয় স্থানে থাকা বামপন্থী পার্টি অব দ্য ডেমক্রেটিক রেভ্যুলিউশন’র (পিআরডি) নেতা আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডর অনিয়মের অভিযোগ তুলে ভোট পুনর্গণনার আহ্বান জানান। বিজয়ী প্রার্থী ইনস্টিটিউশনাল রেভ্যুলিউশনারি পাটির (পিআরআই) এনরিক পিনা নিয়েতো নির্বাচনী আচরন বিধি লঙ্ঘণ করেছেন অভিযোগ করে ওব্রাডর দাবি করেন, প্রার্থীদের কাছ থেকে ভোট কিনেছেন নিয়েতো। তবে ওব্রাডরের অভিযোগকে ভিত্তিহীন দাবি করে পিনা নিয়েতো জানান, তার দল আইনের মধ্যে থেকেই সবকিছু করেছে। নির্বাচনের প্রাথমিক ফলাফলে ওব্রাডরে থেকে ছয় শতাংশ বেশি ভোট পেয়ে এগিয়ে আছেন পিনা নিয়েতো। এর আগে কর্মকর্তারা জানিয়েছেন, নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে। প্রাথমিকভাবে কিছু সমস্যা হলেও তা সার্বিক নির্বাচনে কোনো প্রভাব ফেলতে পারে নি। মেক্সিকোর প্রায় অর্ধেক মানুষ দারিদ্র্যের মধ্যে বসবাস করে। ধনী ও গরিবের মধ্যে ব্যবধানও বিস্তর। আর তাই এবারের নির্বাচনে অর্থনীতি ছিল বড় একটি ইস্যু। দেশটিতে বেকারত্বের পরিমান সাড়ে ৪ শতাংশ। প্রায় ছয় বছর আগে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ক্ষমতায় এসেছিলেন ফিলিপ কাল্ডেরন। সাংবিধানিক বাধ্যবাধকতার জন্য তিনি পুনরায় প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে পারেন নি। তবে প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা কাল্ডেরনের নীতির কঠোর সমালোচক ছিলেন। তারা ২০০৬ সাল থেকে এ পর্যন্ত মাদককেন্দ্রিক সহিংসতায় ৫৫ হাজারেরও বেশি মানুষের মৃত্যুকেই তার নীতির বিরুদ্ধে অধিকমাত্রায় সামনে এনে সমালোচনা করেছেন। ভোটাররা প্রেসিডেন্ট ছাড়াও ছয়টি রাজ্যের গভর্নর, কংগ্রেস ও স্থানীয় সরকার প্রতিনিধিদেরও নির্বাচন করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরআরডি/সিআর/১০৪৮ ঘ.