ঢাকা, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলা সারকোজির বাড়ি ও কার্যালয়ে তল্লাশি চালিয়েছে পুলিশ।
২০০৭ সালের নির্বাচনী প্রচারণায় অবৈধ অর্থ খরচের অভিযোগে এ তল্লাশি চালানো হয় বলে এনডিটিভি জানিয়েছে।
কর্মকর্তারা জানিয়েছে, বিচারক জেন মিশেল জেন্টিলের নেতৃত্বে ফ্রান্সের আর্থিক অপরাধ সংক্রান্ত ইউনিটের তদন্তকারী দল এই তল্লাশি চালায়।
নামপ্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা চলমান এই তদন্ত সম্পর্কে জানান, ফ্রান্সের সবচেয়ে ধনী নারী এল ওরিয়েল কসমেটিক্স এর সত্বাধিকারী লিলিয়ানি বেতেনকোর্ট ২০০৭ সালে সারকোজির নির্বাচনী প্রচারণায় অবৈধ অর্থ সরবরাহ করেছেন বলে অভিযোগ রয়েছে।
তবে এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন সারকোজি।
চলতি বছরের মে মাসে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ফ্রাঙ্কোয়িস হল্যান্দের কাছে সারকোজি পরাজিত হয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১২৫৬ ঘ.
bdnews24