নিউ ইয়র্ক, জুলাই ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়াজুড়ে ২৭ টি কেন্দ্রে বন্দি নির্যাতন চলছে। প্রেসিডেন্ট বাশার আল আসাদ বিরোধী আন্দোলনে আটকদেরকে পেটানো হচ্ছে লাঠি দিয়ে, মারা হচ্ছে তারের চাবুক, ঝলসে দেওয়া হচ্ছে এসিড দিয়ে, উপড়ে ফেলা হচ্ছে নখ, এমনকি চলছে যৌন নির্যাতনও।
সিরিয়ার গোয়েন্দাসংস্থাগুলো এ নির্যাতন চালাচ্ছে। মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে নিউ ইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংগঠন ‘হিউম্যান রাইটস ওয়াচ’ (এইচআরডব্লিউ)।
প্রতিবেদনে বলা হয়, ২০১১ সালের মার্চে সিরিয়ায় আসাদ সরকারের গণতন্ত্রপন্থি বিক্ষোভ দমনাভিযানের শুরু থেকেই চলছে এ বন্দি নির্যাতন। নির্যাতনের শিকার দুই শতাধিক মানুষের সাক্ষাৎকার নিয়ে এইচআরডব্লিউ প্রতিবেদনটি তৈরি করেছে।
এর মধ্যে ৩১ বছর বয়সী একজন বলেন, গত জুনে তাকে ইদলিবে আটকে রেখে নগ্ন করে নির্যাতন চালানো হয়। তাছাড়া, দিনে তিনবার করে বৈদ্যুতিক শক দেওয়াসহ আরো নানাভাবে তার ওপর নির্যাতন চালানো হত।
নির্যাতনের ঘটনা তদন্তে ২০ ধরনের নির্যাতন পন্থা খুঁজে পেয়েছে এইচআরডব্লিউ। অগণিত মানুষ আটক হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।
ফলে সিরিয়া ‘মানবতাবিরোধী ’- এ অভিযোগে দেশটির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে নালিশ জানাতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে আহ্বান জানিয়েছে এইচআরডব্লিউ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এলকিউ/১৭৩৭ঘ.
bdnews24