২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আসাদের আক্ষেপ!

তুরস্কের জঙ্গি বিমান ভূপাতিত করা নিয়ে আক্ষেপ করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2012, 10:33 AM

Updated : 24 Aug 2022, 11:40 AM

সিরিয়া, জুলাই ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তুরস্কের জঙ্গি বিমান ভূপাতিত করা নিয়ে আক্ষেপ করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। গত মাসে সিরিয়ার সেনারা সীমান্ত এলাকায় তুরস্কের এফ-৪ জঙ্গি বিমান গুলি করে ভূপাতিত করে। মঙ্গলবার তুরস্কের কমহুরিয়াত পত্রিকায় এক সাক্ষাৎকারে আসাদ এ ঘটনার জন্য একশতভাগ দুঃখ প্রকাশ করেছেন। বিমান ভূপাতিত করা নিয়ে তুরস্কের সঙ্গে সিরিয়ার সম্পর্কে উত্তেজনার প্রেক্ষাপটে আসাদের আক্ষেপ, ‘এমন যদি না হত!’ “বিমানটি বিধ্বস্ত হওয়ার পরই সিরিয়া জানতে পারে সেটি ছিল তুরস্কের। আমরা যদি তাতে গুলি না চালাতাম!”, বলেন তিনি। সিরিয়া-তুরস্ক উত্তেজনা যুদ্ধে মোড় নিতে পারে কিনা জিজ্ঞেস করা হলে আসাদ বলেন, “আমরা এ উত্তেজনাকে প্রকাশ্য লড়াইয়ে মোড় নিতে দেবো না। কারণ, এতে দু’দেশেরই ক্ষতি হবে।” তুর্কি প্রধানমন্ত্রী রেসেপ তায়েপ এরদোয়ান যে পদক্ষেপই নিন, সিরিয়া তুরস্কের সীমান্তে সেনা সমাবেশ ঘটাবে না বলেও কথা দেন আসাদ। দামেস্কের দাবি, এফ-৪ জঙ্গি বিমান সিরিয়ার আকাশসীমা লঙ্ঘন করায় নিজেদের প্রতিরক্ষার খাতিরে তাতে গুলি চালানো হয়েছে। কিন্তু তুরস্ক বলছে, বিমানটি কয়েক মুহূর্তের জন্য ভুল করে সিরিয়ার আকাশসীমায় ঢুকে পড়লেও তা পরে আন্তর্জাতিক আকাশসীমায় চলে যায় এবং সেখানেই এটিকে গুলি করা হয়েছে। আর সে কারণে সিরিয়াকে প্রকাশ্য হুমকি আখ্যা দিয়ে তুরস্ক ইতোমধ্যেই সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে সীমান্তে সেনা সমাবেশ ঘটানোর কথা জানিয়েছে। দু’দিন আগে সিরিয়ার হুমকি মোকাবেলায় সেখানে ৬ টি এফ-১৬ জঙ্গি বিমানও পাঠিয়েছে তুরস্ক। এ পরিস্থিতির মধ্যেই ওই ঘটনার জন্য আক্ষেপ করলেন আসাদ। বিমানটি আন্তর্জাতিক আকাশসীমায় বিধ্বস্ত হয়ে থাকলে সিরিয়া এর জন্য ক্ষমা চাইতে দ্বিধা করবে না বলেও জানিয়েছেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এলকিউ/১৬৪৫ঘ.