২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১০ রোহিঙ্গা হত্যার অভিযোগে মিয়ানমারে গ্রেপ্তার ৩০

মিয়ানমারে ১০ রোহিঙ্গা হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৩০ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মাসে ওই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে রাখাইন প্রদেশে ভয়াবহ জাতিগত ও সাম্প্রদায়িক সংঘর্ষের ঘটনা ঘটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2012, 09:52 AM

Updated : 24 Aug 2022, 11:39 AM

ইয়াঙ্গুন, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-মিয়ানমারে ১০ রোহিঙ্গা হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৩০ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মাসে ওই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে রাখাইন প্রদেশে ভয়াবহ জাতিগত ও সাম্প্রদায়িক সংঘর্ষের ঘটনা ঘটে। ৩ জুনের ওই ঘটনায় বাসযাত্রী রোহিঙ্গাদের বাস থেকে নামিয়ে পিটিয়ে হত্যা করা হয়। ছয়দিন আগে এক রাখাইন নারীকে ধর্ষণ ও হত্যার প্রতিশোধ হিসেবে এসব বাসযাত্রীকে হত্যা করা হয়। যদিও নিহতরা ধর্ষণ ও হত্যার ঘটনার সঙ্গে জড়িত ছিলেন না। সোমবার ‘নিউ লাইট অব মিয়ানমার’ সংবাদপত্রে প্রকাশিত খবরে বলা হয়েছে, “অভিযুক্ত ৩০ জনকে আটক রাখা হয়েছে এবং আইনানুযায়ী তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।” ১০ বাস যাত্রীকে হত্যার ঘটনার প্রতিক্রিয়ায় সৃষ্ট জাতিগত দাঙ্গায় অন্তত ৮০ জন নিহত ও প্রায় লাখো মানুষ বাস্তুচ্যুত হন। হাজার হাজার ঘরবাড়ি আগুনে পুড়িয়ে দেওয়া হয়। পরবর্তিতে ওই নারীর হত্যাকাণ্ডর সঙ্গে তিন রোহিঙ্গা যুবক জড়িত বলে প্রমাণ পাওয়া যায়। অভিযুক্ত যুবকদের একজন আত্মহত্যা করে। ১৮ জুন অপর দুইজনকে মৃত্যুদণ্ডিত করা হয়। এবার ১০ রোহিঙ্গা হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৩০ ব্যক্তিকে গ্রেপ্তার করা হল। তবে গ্রেপ্তারকৃতদের জাতিগত পরিচয় জানা যায়নি। মিয়ামারের রাখাইন প্রদেশে সংখ্যাগরিষ্ঠ অধিবাসী জাতিগত রাখাইন। তারা মূলত বৌদ্ধ ধর্মাবলম্বী। প্রদেশটির বাংলাদেশ সীমান্তের তিনটি জেলায় সংখ্যালঘু রোহিঙ্গাদের বাস। রোহিঙ্গারা মূলত ইসলাম ধর্মাবলম্বী। রাখাইন প্রদেশে কয়েক প্রজন্ম ধরে বসবাস করলেও রোহিঙ্গাদের নিজেদের নাগরিক বলে স্বীকার করে না মিয়ানমার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/১৫৪৩ ঘ.